সমতলে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সদস্যরা। পরে এক সংবাদ সম্মেলনে তাঁরা ওই সব জাতিসত্তার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে গতকাল রোববার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বলা হয়, সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। বহুকাল ধরে এ পরিস্থিতি চলে আসছে। নারীর প্রতি সহিংস ও যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। বেশির ভাগই ঘটছে ভূমিকে কেন্দ্র করে। ভূমিগ্রাসী চক্রের বিচার হচ্ছে না বলেই এগুলো বারবার ঘটছে।
সংবাদ সম্মেলনে ককাসের সদস্য সাংসদ কবি কাজী রোজী, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান আকন্দ, ককাসের কারিগরি সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, কারিগরি সদস্য জান্নাত-এ ফেরদৌসী, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ অলিভার টুয়ি, পরামর্শক ম্যাবেলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অলিভার টুয়ি বলেন, পর্যবেক্ষণে অনেক ঘটনা পাওয়া গেছে। ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বিচার পাচ্ছে না। অপরাধীরা বিচারের সম্মুখীনই হচ্ছে না। তারা নিজেদের বিচারের ঊর্ধ্বে মনে করে। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মধ্যে শিক্ষার অভাব থাকার কারণেই তারা বঞ্চনা ও নিপীড়নের শিকার হচ্ছে। তবে যারা শিক্ষা গ্রহণ করছে, তারাও চাকরিতে কোটার সুযোগ পাচ্ছে না। এতে করে অনেকের মধ্যে শিক্ষা গ্রহণের অনীহা তৈরি হচ্ছে।
ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার প্রতিষ্ঠায় আইন প্রণয়ন, ভূমিদস্যুদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী ও বিচারিক সংস্থার কার্যকর পদক্ষেপ, চাকরিতে কোটা বাস্তবায়নসহ ছয় দফা সুপারিশ করেন অলিভার টুয়ি। সমতলের ক্ষুদ্র জাতিসত্তার জন্য ইউএনডিপি ২০১৬ সাল থেকে পাঁচ বছরের জন্য কাজ করবে বলে জানান তিনি।
এর আগে গত শনিবার সংসদীয় ককাসের সদস্যরা নাচোল ও গোমস্তাপুরে আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় নাচোলের ইলা মিত্র পাঠাগার মিলনায়তনে আদিবাসীদের সঙ্গে ও উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম কুমার সরকার প্রমুখ।
মতবিনিময়কালে নয়নতারা মণ্ডল নামের এক নারী তাঁর ওপর নির্যাতনের বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, বছর খানেক আগে দুর্বৃত্তরা দরজা ভেঙে তাঁদের বাড়িতে ঢুকে তাঁর স্বামীকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। মারধরের শিকার হন তিনি ও তাঁর মেয়েও। বেদম পিটুনিতে তাঁর পা ভেঙে যায়। এখনো তিনি সুস্থ হতে পারেননি। এখন পর্যন্ত বিচারও পাননি। উপরন্তু হামলায় জড়িত ব্যক্তিরা তাঁদের হুমকি দিয়ে যাচ্ছে।
মতবিনিময়কালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতা হিংশু মুরমু, বিশ্বনাথ মাহাতো, বিধান সিং, বঞ্চনা রানী বর্মণ বক্তব্য দেন। তাঁরা বলেন, একসময় ক্ষুদ্র জাতিসত্তার ৮০ বা ৯০ শতাংশ মানুষের কিছু না কিছু জমি ছিল। এখন ১০ ভাগেরও নেই। ভূমিদস্যুরা নানা কৌশলে সব গ্রাস করেছে। ভূমি গ্রাস করার জন্যই তাদের ওপর নির্যাতন-নিপীড়ন করা হয়েছে।
সংসদীয় ককাস ও ইউএনডিপির সদস্যরা গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউপি সদস্য ও জাতীয় আদিবাসী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি নির্যাতিত বিচিত্রা তিরকির বাড়ি যান। সেখানে তাঁর ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষের কথা শোনেন তাঁরা। বিচিত্রা তিরকি বলেন, ‘ধানখেতে কাজ করার সময় ভূমিদস্যুরা আমার ওপর হামলা চালায়। তারা আমার জমি দখলের জন্য এ হামলা চালায়।’
ফজলে হোসেন বাদশা বলেন, মানবাধিকার রক্ষার জন্য যদি সুনির্দিষ্ট আইন না থাকে, তবে আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটতেই থাকবে। সামাজিকভাবে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।