সমতলের আদিবাসী নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসন দাবি
সমতলের আদিবাসী নারীরা জাতীয় সংসদে তাঁদের জন্য অন্তত দুটি সংরক্ষিত আসনের দাবি জানিয়েছেন। গতকাল সোমবার দিনাজপুরের নাট্য সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় আদিবাসী নারীদের এক সম্মেলনে এই দাবি জানানো হয়।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী আজাদী হাই বলেন, আদিবাসী নারীরাই কৃষি-সভ্যতার সূচনা করেছিলেন। সমাজকে সভ্যতার আলোয় নিয়ে যেতে এসব নারীর ভূমিকা অনন্য। কিন্তু দেশে তাঁদের ওপর নির্যাতনের মাত্রা আগের তুলনায় বেড়েছে। জেলার আদিবাসী নারী পরিষদের আহ্বায়ক বাসন্তী মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা নারী মুক্তি সংসদের আহ্বায়ক আফরোজা পারভীন, রেখা হাসদা, রংপুরের আদিবাসী নেত্রী তেরেজিনা রিখিয়াসন বক্তব্য দেন।অন্যদের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন ও গণশিল্পী সংস্থার দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন চিশতী। সম্মেলনে জাতীয় সংসদে সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য দুটি আসন সংরক্ষিত করা, স্থানীয় সরকারে এসব নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, আদিবাসী মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে বিশেষ পদক্ষেপ গ্রহণসহ সরকারের কাছে ১১ দফা দাবি তুলে ধরা হয়। সম্মেলন শুরুর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার পাঁচ শতাধিক আদিবাসী নারী প্রতিনিধি সম্মেলনে যোগ দেন।দিনাজপুরের বিশিষ্ট নারীনেত্রী আজাদী হাই ও আফরোজা পারভীনকে উপদেষ্টা, বাসন্তী মুর্মুকে সভাপতি, স্বপ্না মার্ডিকে সাধারণ সম্পাদক এবং রেজিনা হাসদাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের দিনাজপুর জেলা আদিবাসী নারী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।