সমতলের আদিবাসীদের উন্নয়নে পৃথক বরাদ্দের দাবি
জাতীয় বাজেটে সমতলের আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নে পৃথক বরাদ্দ রাখার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের সমবায় মার্কেটের সামনে এ মানববন্ধন হয়।
এর আগে দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও দেয় সংগঠনটি। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জড়ো হন আদিবাসী পরিষদের সদস্যরা। এরপর তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। এতে আসন্ন বাজেটে উত্তরবঙ্গ তথা সমতলের আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নে কমপক্ষে ৫০০ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির থোক বরাদ্দ বাস্তবায়নে আদিবাসীদের নিয়ে একটি কমিটি গঠন করা ও একটি পৃথক আদিবাসী মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়।
পরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি সূর্য্য মূর্ম, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা প্রমুখ বক্তৃতা করেন। এ সময় বক্তারা বলেন, আদিবাসীরা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী আদিবাসীর হার ৬৫ ভাগ এবং সমতলে ৮০ ভাগ। জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য পৃথক বরাদ্দ রাখা একান্ত জরুরি। তা না হলে দেশে সার্বিক আর্থসামাজিক উন্নয়নও সম্ভব নয়।