সমতলের আদিবাসীদের জন্য আইন করার দাবি
‘সমতলের আদিবাসীদের বৈষম্য-বঞ্চনা ও নিঃস্বকরণ, ভূমি ও খাদ্য অধিকার’ শীর্ষক জাতীয় কর্মশালা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আদিবাসীদের জন্য পৃথক আইন, ভূমি কমিশন, আদিবাসীবিষয়ক জাতীয় কমিশন গঠনসহ নয় দফা দাবি উত্থাপন করা হয়।
গত শনিবার বিকেলে দিনাজপুর শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-সিডিএ, এনডিএফ, জাতীয় আদিবাসী পরিষদ, আরবান ও এএলআরডি, পিএলএনেট এবং আইএলসি এই কর্মশালার আয়োজন করে। সিডিএর নির্বাহী পরিচালক শাহ-ই মবিন জিননাহর পরিচালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সিডিএর চেয়ারম্যান মেহেরুন নেছা।
মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। কর্মশালায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও নৃবিজ্ঞানী এইচ কে শামসুল আরেফিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক ঈশানী চক্রবর্তী।
রবীন্দ্রনাথ সরেন বলেন, উত্তরাঞ্চলের ১৬টি জেলার সমতলে ৩৮টি আদিবাসী জাতিসত্তার ১৬ লাখেরও বেশি লোক বসবাস করে। আদিবাসীরা স্বাধীনতাযুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে। অনেকে জীবন দিয়েছেন। কিন্তু স্বাধীনতার পর ৪৪ বছর ধরে আদিবাসীরা চাষের জমি, বাড়িঘর ও ভিটেমাটি থেকে ক্রমশ উচ্ছেদ হয়েই চলেছে। জমিসংক্রান্ত বিরোধে উত্তরাঞ্চলে ১৫ জন আদিবাসীকে হত্যা করা হয়েছে। একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। কেউ সাজাও পায়নি। তা ছাড়া আদিবাসীরা প্রতিদিন ধর্ষণ, গুম ও নির্যাতনের শিকার হচ্ছে। অনেক আদিবাসীর নামে মিথ্যা মামলা হয়েছে। জাতিগত বৈষম্য, হয়রানি, অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই ভারতে পাড়ি দিয়েছে। এভাবেই আদিবাসীদের সংখ্যা দিন দিন কমছে।
প্রবন্ধে উল্লেখ করা হয়, ২০০৮ ও ২০১৪ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহারে আদিবাসী সমাজের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। বসবাসকারী ৩৮টি আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে ২৭টি জাতিগোষ্ঠীর নাম গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে অন্য আদিবাসীরা সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন আদিবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক প্রতিনিধি কর্মশালায় উপস্থিত ছিলেন।