সমতলের আদিবাসীদের জন্য কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলের আদিবাসীদের সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান করে উচ্চপর্যায়ের একটি আদিবাসীবিষয়ক কমিশন গঠনের দাবি উঠেছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘আদিবাসীদের জীবন-জীবিকার নীতি ও আইনগত অধিকার: প্রেক্ষিত খাসিয়া জনগোষ্ঠী’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি তোলেন।বক্তারা বলেন, আদিবাসীরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে খাসিয়াদের উচ্ছেদ করার চেষ্টা চালানো হচ্ছে। তাই খাসিয়াসহ সব আদিবাসী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।বৈঠকে কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘যে খাসিয়া গোষ্ঠী যুগ যুগ ধরে আমাদের বন ও প্রাকৃতিক সম্পদ টিকিয়ে রেখেছে, তারাই আজ বাসস্থান হারানোর আতঙ্কে দিন যাপন করছে। তাদের সরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তাদের উচ্ছেদ করা হলে মানবধিকার লঙ্ঘিত হবে।’ সমতলের আদিবাসীদের রক্ষায় একটি পৃথক কমিশন গঠনের কথা বলেন তিনি।সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, অনেক জনপ্রতিনিধিও আদিবাসীদের বিপক্ষে কাজ করছেন। তাই আদিবাসীদের রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আদিবাসী রক্ষায় আইনগত পদক্ষেপের পাশাপাশি বড় ধরনের আন্দোলন তৈরির পরামর্শ দেন তিনি।খাসিয়াসহ সব আদিবাসীর অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি বলেন, আদিবাসীরা সারা বিশ্বে প্রাকৃতিক সম্পদ রক্ষার কাজ করছেন। তাই তাঁদের রক্ষা করতে হবে।সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার শাহরিয়ার শাকির। এ ছাড়া আলোচনায় অংশ নেন আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের জাতীয় সমন্বয়ক শরীফ জামিল, আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলি তালাং, প্রবাসী চিকিৎসক রফিকুল হাসান খান প্রমুখ। বিজ্ঞপ্তি।