বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা হবে। গতকাল সোমবার ময়মনসিংহ শহরে আদিবাসীদের এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। ময়মনসিহের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘পারলাম—এমজেএফ’ প্রকল্পের আওতায় ভূমি অধিকারপ্রাপ্ত আদিবাসী জনগণের গণসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাশেদ খান মেনন। তিনি বলেন, আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করা একসময় নিয়মিত প্রক্রিয়া ছিল। তার পরও নিরন্তর সংগ্রাম করে তাঁরা টিকে আছেন। তাই সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা হবে, যাতে উচ্ছেদ হওয়া আদিবাসীরা নিজেদের ভূমিতে ফিরতে পারেন। গণসমাবেশে আদিবাসীদের ভূমিপ্রাপ্তির নানা দিক তুলে ধরা হয়। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন উপজেলার আদিবাসীরা তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাসের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক থিওফিল নকরেক। অন্যান্যের বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বেসরকারি সংস্থা রাইটসের পরিচালক রিনা রায় প্রমুখ। বক্তারা আদিবাসী ফোরামের মাধ্যমে আদিবাসীদের ভূমি অধিকার রক্ষাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। গণসমাবেশে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন আদিবাসীদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।