সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি
দেশের সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও আদিবাসী অধিকার আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নেতারা। গতকাল শনিবার রাজশাহী নগরের সাফাওয়াং হলরুমে আদিবাসী ভূমিবিষয়ক কন্সালটেশন সভায় আদিবাসী নেতারা এ দাবি জানান।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও আসুসের আয়োজনে সভায় নেতারা বলেন, আদিবাসীদের ভূমি রক্ষা করতে হলে পৃথক ভূমি কমিশন ছাড়া সম্ভব নয়। পৃথক ভূমি কমিশনই হচ্ছে তাদের ভূমির রক্ষাকবচ। প্রচলিত ভূমি আইনে তাদের সম্পত্তি রক্ষা করতে গেলে যতটুকু সম্পত্তি রয়েছে, তা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাওর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ভূমি সংস্কার কমিশনার শ্যামকিশোর রায়। অন্যদের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, দিঘরী রাজা পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সরদার, সম্মিলিত আদিবাসী নারী জোটের সভাপতি কল্পনা তির্কী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আদিবাসীবিষয়ক জাতীয় কমিশন গঠনের দাবির পাশাপাশি আদিবাসীদের ওপর সব ধরনের নির্যাতন ও অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।