সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনের দাবি
‘সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন চাই’—এ দাবি জোরালোভাবে উত্থাপন করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশের আদিবাসী নেতারা। সিলেট বিভাগের আদিবাসী সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে গতকাল সোমবার ‘সমতল আদিবাসীদের ভূমির অধিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ মতামত ব্যক্ত করেন বক্তারা।
বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) আয়োজিত এ সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ সিলেট বিভাগীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে এ সভা হয়।
বক্তারা সিলেট বিভাগের চার জেলায় বসবাসরত আদিবাসীদের অঞ্চলভিত্তিক সমস্যা নিয়ে আলোচনা করেন। পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং। প্যানেল আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় কমিটির সদস্য ফাদার যোসেফ গোমেজ, বাংলাদেশ আদিবাসী ফোরাম সিলেট শাখার সাধারণ সম্পাদক বনিফাস খংলা, খাসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি এন্ডু সলোমার।
মূল প্রবন্ধ উপস্থাপন ও প্যানেল আলোচকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদিবাসী নেতা সঞ্জীব দ্রং বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমাদের মনে হয়েছে প্রশাসনিক লোকজন আদিবাসীদের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি অনুধাবন করতে পারেন না। আদিবাসীদের বন, সম্পদ, ঐতিহ্যগত প্রথা সংরক্ষণ করতে ভূমির অধিকার নিশ্চিত করা দরকার। বৈষম্য দূর করা দরকার। এই দরকারি কাজগুলো করতে হলে সবার আগে প্রয়োজন সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন। এটি ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না।