সমতলের আদিবাসীদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
বাজেট পাসের আগেই সমতলের আদিবাসীদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এই দাবি জানান।
ফজলে হোসেন বাদশা বলেন, আমরা বারবার সমতলের আদিবাসীদের জন্য বাজেট বাড়ানোর দাবি জানিয়েছি। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। এতে ক্ষোভ বাড়ছে। এটা দেশের গণতন্ত্রের জন শুভ নয়। বাজেট সাম্প্রদায়িক হয়ে গেলে মুক্তিযুদ্ধের চেতনা থাকে না।
সংসদীয় ককাসের সদস্য সঞ্জীব দ্রং বলেন, সমতলের আদিবাসীদের সংখ্যা ২০ লাখের বেশি। তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২০ কোটি টাকা। জনসংখ্যার অনুপাতে বরাদ্দ ধরা হলে অন্তত ৪ হাজার কোটি টাকা হওয়া উচিত। আগামী বাজেটে বরাদ্দ কমপক্ষে ১০০ কোটি টাকা করতে হবে। সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগে আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে।
আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস এবং গবেষণা ও উন্নয়ন সমন্বয় যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ককাসের সদস্য উষাতন তালুকদার, কাজী রোজী, নাজমুল হক প্রধান ও মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।
আরো পড়ুন ::–