সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন প্রয়োজন
সমতলের আদিবাসীদের মূল সমস্যা ভূমি। দলিল না থাকায় তাদের ভূমি দখল হয়ে যাচ্ছে। এ অবস্থায় তাঁদের জন্য আলাদা ভূমি কমিশন ও আদিবাসী অধিকার রক্ষায় আইন করা প্রয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আদিবাসীদের নিয়ে আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের তথ্যানুসন্ধান দলের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। আজ বুধবার রাজধানীতে ডেইলি স্টার ভবনের একটি মিলনায়তনে এক অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়।
গত ১৮ থেকে ২০ ডিসেম্বর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও গবেষণা ও উন্নয়ন কালেকটিভের (আরডিসি) সহায়তায় সংসদীয় ককাস নাচোলে তথ্যানুসন্ধান চালায়। এর ভিত্তিতে তৈরি প্রতিবেদন অনুষ্ঠানে তুলে ধরেন ইউএনডিপির পরামর্শক ম্যাবিলিন ম্যাসি। এতে সমতলের আদিবাসীদের ক্ষেত্রে জমি দখলকে সবচেয়ে বড় সমস্যা হিসাবে চিহ্নিত করা হয়। এ ছাড়া আইন অকার্যকর থাকা, শিক্ষায় পিছিয়ে থাকায় অধিকারে পিছিয়ে থাকা এবং দারিদ্র, বাল্য বিবাহ, যৌতুক, দুর্নীতির কারণে চাকরিতে আদিবাসী কোটা যথাযথভাবে কার্যকর না হওয়া—এ সমস্যাগুলো চিহ্নিত করা হয়। প্রতিবেদনে আদিবাসীদের অধিকার রক্ষায় আইন করা এবং তাদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, আলাদা ভূমি কমিশন করার সুপারিশ করা হয়।
সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন করার সুপারিশের সঙ্গে একমত পোষণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, প্রথাগতভাবে আদিবাসীদের ভূমির দলিল ছিল না। যখন জমি রেকর্ড হয় তখন তারা প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেনি, অনেকে আগ্রহী হয়নি। ভূমি দস্যুরা সে সুযোগটি নিচ্ছে। তিনি আলাদা ভূমি কমিশন করার পাশাপাশি প্রয়োজনে সুনির্দিষ্ট সময়ের জন্য হলেও আলাদা আইন করার কথা বলেন।
সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেন, ভূমির সঙ্গে গভীরতম সংযোগের কারণে এখনো বাংলাদেশে আদিবাসীরা টিকে আছে। ঐতিহাসিক কারণে বাংলাদেশের আদিবাসীদের সমস্যা পৃথিবীর অন্য যেকোনো দেশের আদিবাসীর সমস্যার চেয়ে আলাদা। তিনি সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সংসদ অধিবেশনে ভূমি কমিশন গঠনের দাবির বিষয়টি তুলে ধরার জন্য সাংসদের পরামর্শ দেন।
সংসদীয় ককাসের সমন্বয়ক মেসবাহ কামাল বলেন, অনুসন্ধানে তাঁরা দেখেছেন একটি রেস্তোরাঁয় আদিবাসীদের ঢুকতে দেওয়া হয় না। ঢুকতে দিলেও ভালো কাপে চা পরিবেশন করা হয় না। এ সময়ে এসে এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য কাজী রোজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি রানা দাশ গুপ্ত প্রমুখ বক্তব্য দেন।