সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলের আদিবাসীদের মূল সমস্যা ভূমির মালিকানাকেন্দ্রিক জটিলতা। দলিল না থাকায় তাদের ভূমি বেদখল হয়ে যাচ্ছে। এ অবস্থায় তাদের জন্য আলাদা ভূমি কমিশন ও আদিবাসী অধিকার রক্ষায় আইন করা প্রয়োজন।
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের তথ্যানুসন্ধান দলের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল বুধবার রাজধানীতে দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ১৮ থেকে ২০ ডিসেম্বর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও গবেষণা ও উন্নয়ন কালেকটিভের সহায়তায় আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আদিবাসীদের বিষয়ে তথ্যানুসন্ধান করে। তার ভিত্তিতে তৈরি প্রতিবেদন অনুষ্ঠানে তুলে ধরেন ইউএনডিপির পরামর্শক ম্যাবিলিন ম্যাসি। প্রতিবেদনে সমতলের আদিবাসীদের জমি বেদখল হওয়াকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুপারিশে আদিবাসীদের অধিকার রক্ষায় আইন প্রণয়ন, তাদের সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা ভূমি কমিশন গঠন করার কথা বলা হয়েছে।
আলাদা ভূমি কমিশন করার সুপারিশের সঙ্গে একমত পোষণ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রথাগতভাবে আদিবাসীদের ভূমির দলিল ছিল না। যখন জমি রেকর্ড হয় তখন তারা প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেনি, অনেকে আগ্রহ দেখায়নি। ভূমিদস্যুরা সে সুযোগটি নিচ্ছে। তিনি ভূমি কমিশন করার পাশাপাশি প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য হলেও আলাদা আইন করার কথা বলেন।
সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেন, ঐতিহাসিক কারণে বাংলাদেশের আদিবাসীদের সমস্যা পৃথিবীর অন্য যেকোনো দেশের আদিবাসীর সমস্যার চেয়ে আলাদা। তিনি সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সংসদ অধিবেশনে ভূমি কমিশন গঠনের দাবির বিষয়টি তুলে ধরার জন্য সাংসদদের পরামর্শ দেন।
ককাসের সমন্বয়ক মেসবাহ কামাল বলেন, অনুসন্ধানে তাঁরা দেখেছেন একটি রেস্টুরেন্টে আদিবাসীদের ঢুকতে দেওয়া হয় না। ঢুকতে দিলেও ভালো কাপে চা পরিবেশন করা হয় না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ কাজী রোজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বক্তব্য দেন।