সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশন আইন প্রণয়নের দাবি
সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত করতে পৃথক ভূমি কমিশন আইন প্রণয়নের দাবি জানিয়েছে ইন্ডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস)। সংগঠনটি বলেছে, সমতলের ক্ষুদ্র জনগোষ্ঠীর ভূমি কমিশন আইন, ২০১৫-এর খসড়া তৈরি হয়ে গেছে। তাই দ্রুত যেন সংসদে আইনটি তোলা হয়।
রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান সম্মেলনকক্ষে গতকাল রোববার সকালে এক আলোচনায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি এ দাবি জানায়। আইপিডিএস ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে ‘সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন আইনের খসড়া’ শিরোনামে এই আলোচনার আয়োজন করে।
আলোচনায় আইপিডিএসের সভাপতি সঞ্জীব দ্রং বলেন, পৃথক ভূমি কমিশন সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের এখন প্রধান দাবি। বর্তমান সরকারের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জন্য পৃথক ভূমি কমিশন করার কার্যক্রম অব্যাহত রাখার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি, কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশে অসুবিধাটা হচ্ছে যে নির্বাচনী ইশতিহারে অনেক অঙ্গীকার থাকে, যা বাস্তবে ক্ষমতায় গেলে তখন তা প্রয়োগ করা হয় না বা প্রয়োগ করতে চাই না। কেননা, তখন বাস্তব অসুবিধাগুলো সামনে চলে আসে।’
আইনজীবী সারা হোসেন বলেন, ‘কেন ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা তাঁদের ভূমি অধিকার প্রয়োগ করতে পারছেন না বা বাধাগুলো কোথায়, তা এই খসড়ায় এসেছে। খসড়ায় আসাতে পরে আলোচনা হতে পারে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (অধিকার) রিনা রায় বলেন, ‘আমরা চাই চলতি জাতীয় সংসদেই যেন আইনটি আলোচনার জন্য ওঠে।’
আলোচনায় সাংসদ টিপু সুলতান, নাজমুল হক প্রধান, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের মানবাধিকারকর্মীরা বক্তব্য দেন।