সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। বহুকাল থেকে এ পরিস্থিতি চলে আসছে। নারীর প্রতি সহিংস ও যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। আর এসবের বেশির ভাগই ঘটছে ভূমিকে কেন্দ্র করে। ভূমিগ্রাসী চক্রের বিচার হচ্ছে না বলে এগুলো বারবার ঘটছে।
ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সরেজমিন পর্যবেক্ষণ শেষে আজ রোববার চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাস আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
এই দলের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ অলিভার টুয়ি। ককাসের সদস্য সাংসদ ও কবি কাজী রোজী, ককাসের কারিগরি সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, জান্নাত-এ ফেরদৌসী প্রমুখও তাঁদের বক্তব্য তুলে ধরেন।
অলিভার টুয়ি বলেন, ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা বিচার পাচ্ছে না। অপরাধীদের বিচারের সম্মুখীনই করা হচ্ছে না। এতে তারা নিজেদের বিচারের ঊর্ধ্বে মনে করে। তবে আশার কথা হচ্ছে, অনেক নারী রুখে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, তাদের মধ্যে শিক্ষার অভাব আছে বলে তারা বঞ্চনা ও নিপীড়নের শিকার হচ্ছে। তবে যারা শিক্ষা গ্রহণ করছে তারাও চাকরিতে কোটার সুযোগ পাচ্ছে না। তিনি ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আইন, ভূমিদস্যুদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী ও বিচারিক সংস্থার কার্যকর পদক্ষেপ, চাকরির কোটা কার্যকর করাসহ ছয় দফা সুপারিশ করেন। সমতলের এই মানুষদের জন্য ইউএনডিপি ২০১৬ সাল থেকে পাঁচ বছরের জন্য কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে গতকাল শনিবার সংসদীয় ককাস ও ইউএনডিপির প্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় নাচোলের ইলা মিত্র পাঠাগার মিলনায়তনে মতবিনিময় সভায় অংশ নেন আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, কবি কাজী রোজী, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, প্রতিমা রানী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম কুমার সরকার প্রমুখ।
এখানে নির্যাতিত নারী নয়নতারা মণ্ডল তাঁর নির্যাতনের বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, বছর খানেক আগে দুর্বৃত্তরা তাঁর বাড়ির দরজা ভেঙে বাড়িতে ঢুকে তাঁর স্বামীকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। তাঁর মেয়েকে পেটায় এবং তাঁকে (নয়নতারা) বেদম পিটিয়ে পা ভেঙে দেয়। এখনো তিনি সুস্থ হতে পারেননি। চিকিৎসা করার মতো অর্থ তাঁর নেই। এখন পর্যন্ত বিচারও পাননি। জড়িতরা তাঁদের হুমকি দিয়ে বলছে, মেরে ভারতে তাড়িয়ে দেবে।