সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সমন্বিত কর্মসূচি চায় স্থায়ী কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সমন্বিত কর্মসূচির সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
সভা শেষে কমিটির একজন সদস্য বলেন, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি দীর্ঘদিন ধরেই আছে। পাহাড়ের নৃগোষ্ঠীর জন্য আলাদা মন্ত্রণালয় আছে। অথচ পাহাড়ের চেয়ে সমতলের নৃগোষ্ঠীর সংখ্যা বেশি। স্থায়ী কমিটির কার্যপত্র থেকে জানা যায়, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বৃহত্তর কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তমন্ত্রণালয় সভা আহ্বানের সুপারিশ করা হয়েছে।
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আলাদা প্রকল্প আছে। এ দুটি সংস্থার কাজকে সমন্বয় করার জন্য অর্থ মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে সভা করার ব্যাপারে সংসদীয় কমিটি সুপারিশ করেছে।
কমিটির কার্যপত্র থেকে জানা যায়, কমিটির গত বৈঠকে প্রমোদ মানকিন বলেন, অনুন্নত, অবহেলিত এবং পশ্চাৎপদ এ বিরাট জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় নিয়ে আসার জন্য বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে তাদের জন্য আলাদা মন্ত্রণালয় করা এবং তা না হওয়া পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ-সংক্রান্ত সব কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া প্রয়োজন।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, আবদুল মতিন ও লুৎফা তাহের অংশ নেন। এ ছাড়া বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিশেষ আমন্ত্রণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।