সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন দাবি
সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত যথাযথ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সিলেট, রাজশাহী ও রংপুরে গণ–মানববন্ধন ও সমাবেশে ওই দাবি উত্থাপন করা হয়।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান সরকার ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে ১৮.১ ধারায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জমি, জলাধার ও বন এলাকায় সনাতনী অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দেয়। ২০১৪ সালে সরকার ২২.১ ধারায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জমি, বসতভিটা, বনাঞ্চল, জলাভূমি ও অন্যান্য সম্পদের সুরক্ষা এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জমি, জলাধার ও বন এলাকা সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়। কিন্তু সাত বছরেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচনী ইশতেহার ঘোষণা বাস্তবায়নের পাশাপাশি ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, প্রভাবশালী ভূমিদস্যুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি জবরদখল করে চলেছে। তাই সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেহাত হওয়া জায়গা-জমি পুনরুদ্ধার ও ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন জরুরি হয়ে পড়েছে।
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের কর্মসূচিতে ক্ষুদ্র জাতিসত্তার সদস্যরা ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন চলাকালে আদিবাসী ফোরামের সিলেটের বিভাগীয় সভাপতি গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেত্রী জেসলিনা পলংয়ের সঞ্চালনায় সমাবেশে ফোরামের কেন্দ্রীয় নেতা এন্ড্রু সলমার, টিডব্লিউএএসের সভাপতি দানেশ সাংমা, খাসী স্টুডেন্ট ইউনিয়নের (কেএসইউ) সহসভাপতি লভিংসন পঃস্না বক্তব্য দেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, উন্নয়নকর্মী লক্ষ্মীকান্ত সিংহ ও মানবাধিকার কর্মী ইন্দ্রানী সেন।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালিত হয়। সেখানে স্বাধীন ভূমি কমিশন গঠন ও পার্বত্য চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবি ছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের হত্যা, নির্যাতন ও ভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি পরিমল কুমার মাহাতের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ও বাসদ নেতা আব্দুল কুদ্দুস।
রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হেমন্ত মাহাতো প্রমুখ।
{তথ্য পাঠিয়েছেন নিজস্ব প্রতিবেদক সিলেট, রংপুর ও রাজশাহী}