সমতা প্রতিষ্ঠার দাবি

পুরুষ দিবস যদি না থাকে তবে কেন থাকবে নারী দিবস? বছরে এক দিন দিবস পালন করলেই কি নারীর সব অধিকার পূরণ হয়ে যাবে? নারী-পুরুষ নির্বিশেষে এ ধরনের প্রশ্ন অনেকের মুখেই ছিল। তবে তার পরও নারীদের জন্য একটি দিবস পালনে আনুষ্ঠানিকতার কমতি ছিল না। সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের আনুষ্ঠানিকতায় সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার দাবিটিই প্রাধান্য পায়।
গতকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নগর ছিল মিছিল-সমাবেশে জমজমাট। আর এতে অংশ নেওয়া সচেতন নারী-পুরুষের পোশাকে ছিল বেগুনি রঙের প্রাধান্য। দিবসটিতে ‘রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর, নারীর সমতা ও উন্নয়ন নিশ্চিত কর’ এ স্লোগান সামনে রেখে ৬৭টি নারী ও মানবাধিকার সংগঠনের সম্মিলিত মঞ্চ সামাজিক প্রতিরোধ কমিটি সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ নির্যাতনের শিকার একজন নারীর পাশে হাজার নারী উপস্থিত থাকবে বলে অঙ্গীকার করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। ২৮টি দাবিসংবলিত ঘোষণাপত্র পড়ে শোনান উইমেন ফর উইমেনের প্রেসিডেন্ট জাকিয়া কে হাসান ও এফপিএবির জেলা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
জাতীয় মানবাধিকার কমিশন নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিকেলে ‘সাহসীদের র্যালি’ শীর্ষক শোভাযাত্রার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পর্যন্ত এ শোভাযাত্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে অপরাজেয় বাংলার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সাহসী মানুষ সে-ই, যে নারীর সম্মান ও মর্যাদা রক্ষার্থে সব সময় প্রস্তুত থাকে।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সকালে ‘নারীর প্রতি সমতা, সমৃদ্ধ জাতির নিশ্চয়তা’ এ স্লোগান সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা, দুজন নারীকে সম্মাননা প্রদান ও সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করে।

জাতীয় জাদুঘরের (শাহবাগ) সামনে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের শোভাযাত্রার উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। তারপর এ ইনস্টিটিউটের সেমিনার রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। এ সভায় রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক রওনক জাহান বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। নির্যাতনের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সকালে সাভারের রানা প্লাজার সামনে শ্রমজীবী নারীর নিরাপদ জীবন ও কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পোশাকশিল্প কারখানাসহ ব্যক্তি মালিকানাধীন সব খাতে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবিতে নগরের জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় মিছিল করে।
বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘বিক্ষুব্ধ নারী সমাজ’ গতকাল সকালে একটি ট্রাক শোভাযাত্রার আয়োজন করে। সকালে শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে দুপুরে শাহবাগে এসে শেষ হয়। পরে বিকেলে শাহবাগে নারীবাদী গান, কবিতা পাঠ, রচনা পাঠের মাধ্যমে সমাজে নারীদের অবস্থানের চিত্র তুলে ধরা হয়।
বেসরকারি সংগঠন নারীপক্ষ দিবসটির আনুষ্ঠানিকতায় বেছে নিয়েছে নাটকমাধ্যমকে। নাটকের মূল বিষয় ছিল, সম্পর্কের দোহাই দিয়ে স্ত্রীর ওপর জবরদস্তি বা শক্তি খাটানো যাবে না। বিবাহিত জীবনের যৌন নির্যাতনের তিনটি সত্য ঘটনাকে ছোট ছোট তিনটি নাটকে অভিনয়ের মাধ্যমে প্রদর্শন করে নারীপক্ষ। গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে সত্য এ জীবন, এ দেহ শিরোনামে নাটক তিনটি উপস্থাপন করেন নারীপক্ষের সদস্য ও বন্ধুরা। নাটকের নির্দেশনা দিয়েছেন রেহানা সামদানী।
অনুষ্ঠানের শুরুতে ‘বৈবাহিক সম্পর্কের মধ্যে যৌন নির্যাতন ও সহিংসতা’ বিষয়ে ঘোষণা পড়ে শোনান সংগঠনের সদস্য আফসানা চৌধুরী। অনুষ্ঠানে এ ধরনের নির্যাতনকে নির্যাতন হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ফৌজদারি আইনে সম্পৃক্ত করার দাবি তোলা হয়।