সমতাভিত্তিক নগর ও সামাজিক সম্প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ অক্টোবর ২০১৪ প্রথম আলোর আয়োজনে ‘সমতাভিত্তিক নগর ও সামাজিক সম্প্রীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো
সহযোগিতায়: বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)

.
.

আলোচনায় সুপারিশ
 পরিকল্পিত নগরায়ণের জন্য বাংলাদেশের ১১টি সিটি করপোরেশন ও ৩২৪টি পৌরসভাসহ সব নগরের স্থানীয় সরকারে যোগ্য কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলসমৃদ্ধ ‘নগর পরিকল্পনা বিভাগ’ থাকা উচিত।
 সারা দেশে সুষ্ঠু পরিকল্পনা ও উন্নয়নের লক্ষ্যে নগর উন্নয়ন অধিদপ্তর ও দেশের সব নগর উন্নয়ন কর্তৃপক্ষের যথেষ্ট পরিমাণ লোকবল থাকতে হবে।
 দেশের প্রতিটি শহরের ওয়ার্ডগুলো হতে হবে নগর উন্নয়ন ও ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। ফলে ওয়ার্ডের জনগণ সহজে নগর উন্নয়নে অংশীদারির ভিত্তিতে সম্পৃক্ত হতে পারবে।

আলোচনা
আব্দুল কাইয়ুম: এ বছর বিশ্ব নগর পরিকল্পনা দিবসের মূল বিষয় ‘সমতাভিত্তিক নগর ও সামাজিক সম্প্রীতি’। এ দিবসের অন্যমত উদ্দেশ্য হলো নগর পরিকল্পনা, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে নগরের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা। তাহলে নগরজীবনে সমতা, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করা সহজ হবে। পরিকল্পনা ও উন্নয়নে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। বাংলাদেশে পরিকল্পিত নগর উন্নয়নে সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আজকের আলোচনার মূল দিকগুলো তুলে ধরবেন আকতার মাহমুদ।

আকতার মাহমুদ: ১৯৪৯ সালের ৮ নভেম্বর প্রথম বুয়েনস এইরেস থেকে ‘বিশ্ব নগর পরিকল্পনা দিবস’ পালন শুরু করা হয়। ২০০৮ সাল থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) দিবসটি পালন করছে। আমাদের লক্ষ্য পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলা। বিশ্বের যেসব শহরে ভুল নীতিমালা প্রয়োগ করা হয়েছে, সেই শহরগুলো বসবাসের অযোগ্য হয়েছে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ না থাকলে সেই শহর কখনো সমতাভিত্তিক ও বাসযোগ্য হয় না। দেশের প্রতিটি শহরের ওয়ার্ডগুলো হতে হবে নগর উন্নয়ন ও ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। ফলে ওয়ার্ডের জনগণ সহজে নগর উন্নয়নে অংশীদারির ভিত্তিতে সম্পৃক্ত হতে পারবে। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের প্রতিবেদন থেকে দেখা যায়, এই শহরের ৫৪ শতাংশ মানুষ রিকশায় ও হেঁটে যাতায়াত করে। পথচারীবান্ধব রাস্তা তৈরির কথা। কিন্তু মাত্র ২০০ কিলোমিটার রাস্তায় ফুটপাত আছে। এটা মোট রাস্তার মাত্র ৬ দশমিক ৬ শতাংশ। ৪৪ শতাংশ মানুষ গণপরিবহন ব্যবহার করে। এ অবস্থায়ও শহরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির জন্য প্রকল্প তৈরি ও অনুমোদন করা হয়। এর অর্থ হলো শহরের পরিকল্পনা ও বাস্তবায়ন একেবারেই জনবান্ধব নয়। শহরের মোট আবাসনের ৯৩ শতাংশ ব্যক্তিগত। মাত্র ৭ শতাংশ সরকার কর্তৃক সরবরাহকৃত। উচ্চবিত্ত ও উচ্চ-মধ্যবিত্তের জন্য রাজউক ১৩টি আবাসন প্রকল্প করেছে। অথচ ১৯৯৩ সাল থেকে কয়েকবার খসড়া প্রস্তুত করেও সব মানুষের জন্য একটি আবাসন নীতিমালা অনুমোদন করা যায়নি।
শহরে নিম্নবিত্তদের জন্য কোনো আবাসন প্রকল্প নেই। কল্যাণমূলক দেশগুলোতে সবার জন্য বাসস্থানের ব্যবস্থা আছে। শহরের অর্ধেক মানুষ বস্তিতে বাস করে। ভারতের মুম্বাইয়ের ধারাবি পৃথিবীর বৃহত্তম বস্তি। ৮০০ মিলিয়ন ডলারের পণ্য তারা উৎপাদন ও রপ্তানি করে। বেইজিং শহর বস্তিগুলোর অবদানকে স্বীকার করেছে। বেইজিংয়ের বস্তিগুলোকে ‘আরবান ভিলেজ’ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে সরকার সব ধরনের কর পাচ্ছে। এসব থেকে শিক্ষা নিয়ে আমাদর নগরকে সমতা ও সম্প্রীতির নগর হিসেবে গড়ে তুলতে হবে।

ইকবাল হাবীব: আজ ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ বিপর্যস্ত করছে গণমানুষের স্বার্থকে। তাই প্রতি ক্ষেত্রে বঞ্চিত হতে হয় নগরের দরিদ্র মানুষদের। ড্যাপের (ঢাকা ডিটেইলড এরিয়া প্ল্যান) পরিকল্পনার প্রস্তাবসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। কিন্তু এটা ছিল উন্নয়ন রূপকল্পের প্রথম পদক্ষেপ। এ জন্যই আমরা এটিকে কার্যকর করার জন্য রাত-দিন সময় দিয়েছিলাম। কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ করলাম, যেদিন ড্যাপ তৈরি হলো, সেদিনই একে অকার্যকর করার উদ্যোগ নেওয়া হলো। তৈরির দিনই সাত মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি হলো। এত মানুষের সম্মিলিত মেধা, প্রচেষ্টা, সময় ব্যয় করে যেটা তৈরি হলো, সেটা এক-দুজন মন্ত্রীর ইচ্ছাতেই পরিবর্তন হবে। এমন একটি ধারা সংযোজিত হলো। ফলে যা আশঙ্কা ছিল, তা-ই হলো।
উপসাগরীয় অঞ্চলে সাগরের মধ্যে ভবন হচ্ছে। এ যুক্তিতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আমাদের জলাভূমি ভরাট করে ভবন করবেন। প্রধানমন্ত্রী জলাশয় রক্ষার কথা বলছেন। তাঁর মন্ত্রীরা এটি ধ্বংসের কাজ করছেন। ৪৪ শতাংশ মানুষ বস্তিতে বাস করে। তারা সবচেয়ে বেশি ভাড়া দেয়। প্রতি বর্গমিটারে তারা ভাড়া দেয় ৩০ থেকে ৩৪ টাকা। বড়লোকেরা এর থেকে অনেক কম ভাড়া দিয়ে সরকারের সব সুযোগ-সুবিধা নিচ্ছে। ঢাকার বনশ্রীতে পানির দামে জায়গা কিনে আবাসন ব্যবসায়ীরা সোনার দামে বিক্রি করল। জমিবিক্রেতারা শত শত কোটি টাকা লাভ করল। ক্রেতাদের কোনো সুযোগ-সুবিধা তারা দিল না। গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট—সবই সরকারকে করতে হচ্ছে। এখানে কেন দরিদ্র মানুষের বসবাসের জায়গা থাকবে না? হাইতিতে ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছিল। তার থেকে বেশি ক্ষতি হয়েছিল ভূমিকম্পের পরবর্তী ১০ দিনে। গরিব মানুষ বড়লোকের সব কেড়ে নিয়েছিল। সমতা ও সামাজিক সম্প্রীতির ভিত্তিতে নগর না হলে হাইতির মতো অবস্থা যেকোনো সময় যেকোনো জায়গায় ঘটতে পারে। এখনই এ ব্যাপারে সবাইকে কাজ করতে হবে।

গোলাম রহমান: পরিকল্পিত নগরায়ণের জন্য বাংলাদেশের ১১টি সিটি করপোরেশন ও ৩২৪টি পৌরসভাসহ সব নগরের স্থানীয় সরকারে যোগ্য কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলসমৃদ্ধ ‘নগর পরিকল্পনা বিভাগ’ থাকা উচিত। সারা দেশে সুষ্ঠু পরিকল্পনা ও উন্নয়নের লক্ষ্যে নগর উন্নয়ন অধিদপ্তর ও দেশের সব নগর উন্নয়ন কর্তৃপক্ষের যথেষ্ট পরিমাণ লোকবল থাকতে হবে। দেশের সব নগর পৌরসভায় এমন কর্মসূচি নিতে হবে, যাতে জনগণের অংশগ্রহণ থাকে। নগরের দরিদ্র মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবা ঠিকমতো পায় না। বাসস্থানসহ বিভিন্ন রকম সমস্যায় তারা বিপর্যস্ত। এসব মানুষের সুযোগ-সুবিধার কথা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

মো. নূরুল্লাহ: পৌরসভার কাজের অভিজ্ঞতা থেেক কিছু বলব। প্রতিটি পৌরসভায় ওয়ার্ড সমন্বয় কমিটি আছে। তারা পৌরসভার কাজের সঙ্গে সম্পৃক্ত। জনগণের অংশগ্রহণমূলক কাজ করার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা আছে। আমরা সেভাবে কাজ করি। তবে যেসব পৌরসভায় প্রকল্প আছে, সেখানে জনগণকে সম্পৃক্ত করে কাজ করা হয়। যেখানে প্রকল্প নেই, সেখানে জনগণের অংশগ্রহণ জোরালো নয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ওয়ার্ড পর্যায়ে প্রতি ছয় মাসে ১৫০ জন মানুষের সামনে মেয়রকে পৌরসভার কাজসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে হয়। মানুষের কথা শুনতে হয়। কিন্তু এ কাজ হচ্ছে না। সমতাভিত্তিক নগরের কাজ করার বিষয়ে সরকারের কর্মসূচি আছে। এটা মানুষের চাহিদার ভিত্তিতে করা হচ্ছে। জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এ কাজে সহযোগিতা করছে। নগর হলো অত্যন্ত সম্ভাবনার জায়গা। দেশে মোট নগরের সংখ্যা ৫৩২টি। এর আয়তন ১১ হাজার ২৫৮ বর্গকিলোমিটার। এটা বাংলাদেশের মোট আয়তনের প্রায় ৮ শতাংশ। এই ৮ শতাংশ জায়গায় দেশের ৩০ শতাংশ মানুষ বাস করে। এ নগরগুলো থেকে ৬০ শতাংশ প্রবৃদ্ধি আসে। মূল সমাধান হবে জাতীয় ভৌত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে। জাতীয় ভৌত পরিকল্পনাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। সারা দেশের জন্য বাস্তবভিত্তিক পরিকল্পনা করতে হবে। নগরের সঙ্গে গ্রামের সম্পর্ক স্থাপন করতে হবে। বাংলাদেশের সব পৌরসভায় লোকবলকাঠামো আছে। এসব কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারব।

হিশাম উদ্দীন চিশতি: সাম্প্রতিক কালে ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিটের একটি গবেষণায় দেখানো হয়েছে, শহর হচ্ছে বিনিয়োগের ক্ষেত্র। কোনো শহরের টেইসই উন্নয়নের তিনটি শর্ত রয়েছে। যেমন: এক. অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুই. পরিবেশগত ভারসাম্য, তিন. সামাজিক সমতা। এ অবস্থায় আমরা শহরের পরিচয় নির্ধারণ করছি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে। যে কারণে পরিবেশ ও সমতা উপেক্ষিত থাকছে। আমাদের শহর দিনে দিনে মানুষ বসতির অনুপযোগী হচ্ছে। প্রথমে মানুষ বাস করার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। তারপর অন্য বিষয় ভাবতে হবে। নগরের মানুষ ঠিক করবে তাদের বাসস্থান কেমন হবে, কেমন পরিবেশ দেখতে চায়। খেলাধুলার জায়গা কেমন হবে ইত্যাদি।

সারওয়ার জাহান: সম্প্রীতি ছাড়া একটা নগর মর্যাদা পায় না। সেই নগরে ঠিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড হয় না। আইনি সুরক্ষা সব নাগরিকের ক্ষেত্রে সমান হতে হবে। একজন নির্মাণশ্রমিকের ছাদ থেকে পড়ে মৃত্যু হলে সে কতটুকু সুবিচার পায়? শহরে বঞ্চিত মানুষের সংখ্যা বেশি। তাদের চাহিদা তুলে ধরতে হবে। এসব মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছাতে হবে। বঞ্চিতরা দাবি তুলে ধরতে পারে না বলেই তাদের কিছু হচ্ছে না। নগরে ১৮ শতাংশ দরিদ্র মানুষের বাসস্থান আছে। ৮২ শতাংশের বাসস্থান নেই। নগরের সুশাসন খুব গুরুত্বপূর্ণ। এ নগরে দরিদ্র মানুষের দাবি জানানোর কোনো সুযোগ নেই। ঢাকা মহানগরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। মানুষ কার কাছে তার দাবি জানাবে? পরিকল্পনাবিদেরা পারিকল্পনা করলেও বিভিন্ন কারণে সেটা বাস্তবায়ন করা যাচ্ছে না। এই শহরে ২০ শতাংশ মানুষ হেঁটে চলাচল করে। রিকশায় যাতায়াত করে ৪০ শতাংশ। ব্যক্তিগত গাড়িতে চড়ে ৫ থেকে ৬ শতাংশ মানুষ। এই মানুষগুলোই তাদের সুযোগ-সুবিধার জন্য নীতি নির্ধারণ করছে। তারা তাদের সুবিধার কথা ভাবছে।
দরিদ্র মানুষগুলো নীরবে দুর্ভোগ সহ্য করছে। এই মানুষগুলোর কথা বলতে হবে। যাদের জন্য সমতাভিত্তিক শহর করা হবে, তাদের সামনে আসতে হবে। তা না হলে সমতাভিত্তিক হবে না। একটি কমিটিতে কাজের আপত্তি তোলায় রাজউক পরপর বুয়েটের দুজন সদস্যকে বাদ দেয়। আমাদের বাদ দিয়ে তারা আসলে কী করতে চায়, সেটা গভীরভাবে ভাবতে হবে।

আশিকুর রহমান: সমতাভিত্তিক নগর নির্মাণের পথে প্রধান বাধা নগর দারিদ্র্য ও বৈষম্য। এটা অনেক ক্ষেত্রে গ্রামীণ দারিদ্র্যের থেকেও প্রকট। নগরে প্রতি পাঁচজনে একজন বস্তিতে বাস করে। আবার সিটি করপোরেশন এলাকায় এটা প্রতি তিনজনে একজন। কেবল আয়বৈষম্য দিয়ে গ্রাম ও শহরের মানুষের অর্থনৈতিক বিভাজন বাস্তবসম্মত নয়। আয়বহির্ভূত খাত যেমন: শিক্ষা, স্বাস্থ্য বা নাগরিক সেবাপ্রাপ্তির বিষয়গুলো নগর দারিদ্র্য পরিমাপের বড় নির্ণায়ক।
ইউএনডিপি ও যুক্তরাজ্য সরকারের সহায়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ‘নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ’ কর্মসূচির কাজ করে। এ কর্মসূচির আওতায় গত ছয় বছরে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ অর্থে মোট ১১টি সিটি করপোরেশন ও ১৩টি পৌরসভার ৩০ লাখেরও বেশি দরিদ্র ও হতদরিদ্র বস্তিবাসীর জীবনমান ও পরিবেশের উন্নতি হয়েছে। বাংলাদেশ সরকার বর্তমানে ‘দারিদ্র্য হ্রাসকরণ’ কর্মসূচির সাফল্যকে ভিত্তি করে একটি নতুন ‘জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচি’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ কাজে ইউএনডিপি সহায়তা দিচ্ছে। নতুন কর্মসূচিতে দরিদ্র বস্তিবাসীদের ভূমিস্বত্ব ও গৃহনির্মাণে অর্থায়ন সহযোগিতা থাকবে। দরিদ্রবান্ধব নগরায়ণ নীতিমালা, যেমন সিটি করপোরেশন ও পৌরসভাসমূহের দারিদ্র্য দূরীকরণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর মতো কর্মসূচি স্থান পাবে। এভাবে বাংলাদেশ সমতাভিত্তিক নগর নির্মাণের দিকে এগিয়ে যেতে পারবে বলে আশা করি।

মো. আনসার আলী খান: ঢাকা সিটি করপোরেশনের অনেক সমস্যা। ঢাকা শহরের অধিকাংশ অলিগলিতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে না। আলোচনা করছি। কিন্তু কাজটি কী হবে, তার কোনো বাস্তবভিত্তিক পরিকল্পনা নেই। রানা প্লাজা ধসের পর কী হয়েছিল? বিদেশি যন্ত্রপাতি দিয়ে দেড় মাস লেগেছে উদ্ধার তৎপরতা শেষ করতে। দেশে যদি বড় কোনো ভূমিকম্প হয়, জানি না কী হবে। ঢাকা শহর ভীষণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। মনে হয়, এই শহর ধ্বংসের পরই কেবল পরিকল্পিতভাবে গড়া সম্ভব।
একজন পরিচ্ছন্নতাকর্মীর দিনে বেতন ২৫০ টাকা। তার যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। সমাজে এ অবস্থা থাকলে কীভাবে সমতাভিত্তিক নগর হবে? ওই পরিচ্ছন্নতাকর্মী যে এখনো আমাকে সালাম দেয়, এটা সৌভাগ্য। আমরা দু-তিন জন্য সদস্য নিয়ে তিন থেকে চার হাজার বর্গফুটের ফ্ল্যাটে থাকি। একজন পরিচ্ছন্নতাকর্মী পাঁচজন সদস্য নিয়ে ১০০ বর্গফুটের একটি ঘরে থাকে। ঝাড়ুদারদের জন্য একটি ভবন তৈরির পরিকল্পনা হয়েছে যেখানে একটি পরিবারের জন্য ১০০ বর্গফুটের একটি থাকার কক্ষ, ছোট একটি রান্নাঘর ও একটি বাথরুম থাকবে। ভেবে পাই না, পরিকল্পনাবিদ কীভাবে মাত্র ছোট একটি রুমের পরিকল্পনা করলেন। এদের প্রত্যেকের পরিবারে চার থেকে পাঁচজন করে সদস্য আছে। জাপানে একজন মহাপরিচালককে পরিচ্ছন্নতাকর্মীর হাত ধরে নাচতে দেখেছি। আমাদের দেশে কি সম্ভব? তাহলে কীভাবে আমরা সমতাভিত্তিক নগর ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলব? এখনো আমাদের নিয়ন্ত্রণে সবকিছু আছে। আমরা যদি পরিচ্ছন্নতাকর্মীদের মর্যাদা ও অধিকার না দিই, একদিন ওরা ক্ষুব্ধ হয়ে উঠবে।

সৈয়দা রিজওয়ানা হাসান: এমন কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই যে পথ দেখাবে। ড্যাপে রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর অনুমোদন আছে। তাদের নিয়োগ করা পরামর্শক সংস্থার মাঠপর্যায়ে সমীক্ষার ভিত্তিতে করা হয়েছে। অতএব, এই প্রস্তাব তাদের মানতেই হবে। সরকারি কাগজপত্রে যেগুলো জলাশয় ছিল, হাউজিং কোম্পানিগুলো সেটা ভরে ফেলেছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আবাসন কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব করে। ভূমিনীতিতে আছে, ভূমিহীনেরা খাসজমি পাবে। কিন্তু পায় কারা? চিংড়িচাষিরা। এই শহরের কোনো লক্ষ্য নেই। আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল ও অদক্ষ। এই শহরের প্রধান নগর পরিকল্পনাবিদকে কেউ দেখেনি। তিনি কারও সঙ্গে কথা বলেন না। তিনি কীভাবে এই নগর নির্মাণ করবেন? আমাদের কোনো মেয়র নেই। সরকার যাকে মনে করবে, তাকে দিয়ে চালাবে। জবাবদিহির বালাই নেই। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়ম ভঙ্গকারীদের অনুপ্রবেশ ঘটেছে। যিনি চলে গেছেন, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি যেসব অভিযোগে অভিযুক্ত, বর্তমান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী একই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। সাধারণ মানুষের এখানে কোনো প্রবেশ নেই। ২০ দিনের পরিবর্তে পূর্বাচল বনাঞ্চলের কাগজ চেয়ে পেয়েছি ১০ মাস পর। সাধারণ মানুষ কী সেবা পায়, সেটা সহজে বোঝা যায়। আশিয়ান সিটি মানুষের জমি কেড়ে নিচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে রাজউক কিছুই করেনি।
রাজউক রিহ্যাবের সভাপতিকে ড্যাপের সদস্য করে। রাজউক কখনোই সাধারণ মানুষের জন্য কাজ করেনি। রাজউকের কোনো পরিকল্পনায় নিম্নবিত্তের আবাসনের ব্যবস্থা হয়নি। ড্যাপের সংশোধনী কমিটিতে জামিলুর রেজা চৌধুরী, মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, আমি বা পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা কেউ কি আছেন? এই ড্যাপ কারা সংশোধন করছে? এটা কতটুকু স্বচ্ছ হবে? যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃত্ব সংবেদনশীল না হবে, ততক্ষণ ড্যাপ সংশোধনের আলোচনা কাজে আসবে না।

মোবাশ্বের হোসেন: শেষ পর্যন্ত কাজটি করতে হবে রাজনৈতিক নেতৃত্বকেই। যেভাবেই হোক, এসব আলোচনায় তাদের উপস্থিতি প্রয়োজন। স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে কোনো বৈষম্য থাকতে পারে না। প্রথমে এগুলো তৈরি ও তা রক্ষার সর্বোত্তম ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা কোনো রকম দুর্বল হলেই ভূমিদস্যুরা এসব গিলে খাবে। আমি নিম্নমানের ইট ও মাটি দিয়ে ঘর করেছিলাম। ছয় মাস আগে থেকেই ভাড়ার জন্য লাইন পড়ত। এর মূল কারণ চারপাশে যথেষ্ট খোলা জায়গা ও আলো-বাতাসের ব্যবস্থা ছিল। মানুষ আসলে এই সুবিধাটই চায়। নিম্ন আয়ের মানুষ অনেক বেশি ভাড়া প্রদান করে। শহরের অর্থনীতিতে এদের বড় রকমের অবদান আছে। ঢাকা শহরে অনেক খালি জায়গা আছে। মুষ্টিমেয় কিছু মানুষ এটা ভোগদখল করছে। তিন-চার বছরের মধ্যে ঢাকা শহরকে নান্দনিক করা যায়। ঢাকা শহরের নদীগুলো দূষণমুক্ত করতে যে অর্থ খরচ হবে, তার থেকে অনেক বেশি অর্থ ব্যয় করে পদ্মা থেকে পানি আনার চিন্তা হচ্ছে। অল্প কিছু মানুষ, রাজনৈতিক নেতৃত্ব, ইচ্ছাকৃতভাবে এসব অন্যায় করছেন। ওনারা ভাবেন, মানুষ কিছুই বোঝে না।

জয়নুল আবেদীন: নাগরিক কালচার খুব জরুরি। আমরা প্রত্যেকে কি আমাদের দায়িত্ব পলন করছি? রাজউক থেকে স্পষ্টভাবে বলা থাকে ভবনের চারপাশে কতটুকু ছাড়তে হবে।
নগরের বাসিন্দারা এ নিয়ম ভঙ্গ করেন। আপনারা নিয়ম না মেনে বাড়ি করছেন। এ ক্ষেত্রে কেবল রাজউক না, সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার বাড়ির পাশে কেউ নিয়ম ভঙ্গ করলে আপনাকেই সোচ্চার হতে হবে সবার আগে। সামাজিক মুরব্বিরা এগিয়ে এলে এ কাজ হতে পারবে না। আমাদের নগর আমরাই ধ্বংস করেছি। ড্যাপের সংশোধন নিয়েও সমালোচনা হচ্ছে। ২০১৫ সালের মধ্যে বর্তমান ড্যাপের কাজ শেষ হবে। ২০১৬ সালের জন্য নতুন ড্যাপ তৈরির প্রক্রিয়া চলছে। এর জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের আমন্ত্রণ জানাব নতুন ড্যাপের ক্ষেত্রে মতামত দেওয়ার জন্য। সবার মতামতের আলোকে ২০১৬ সালে ড্যাপ তৈরি হবে। বর্তমান ড্যাপের ভুলও সংশোধন হবে। ২০১৬ সালের নতুন ড্যাপ নগরকে সুরক্ষা দেবে। হয়তো সম্পূর্ণ ত্রুটিমুক্ত ড্যাপ আমরা পাব না। তবে অনেকটাই পরিশীলিত ও পরিমার্জিত একটি ড্যাপ পাব। আপনারা এ ব্যাপারে প্রস্তুতি নিতে পারেন। একটি নির্দিষ্ট সময়ে কত মানুষের জন্য পরিকল্পনা করা হবে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগরে যারা আসবে, তাদের সব ধরনের সুযোগ পাওয়ার অধিকার নিশ্চিত করা প্রয়োজন। পৃথিবীর অনেক দেশের শহরকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন আরেকটি শহর তৈরি করতে হয়েছে। এখন থেকেই আমাদের শহরকে রক্ষার জন্য আমরা সতর্ক থাকব।

হোসেন জিল্লুর রহমান: নগরকে বাসযোগ্য করার উদ্দেশ্যটি খুব মহৎ। এখানে কারও কোনো দ্বিমত নেই। শহরগুলো অনেক সমস্যার সমাধান করছে, এটা ঠিক। কিন্তু শহরগুলো কতটুকু বাসযোগ্য, সেটা নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। দরিদ্রদের বলছি, তোমরা শহরে আসতে পারো। কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিনোদন—এগুলো তোমরা পাবে না। গ্রামের একজন মানুষ যখন দারিদ্র্য থেকে বেরিয়ে আসে, তখন তার সামাজিক অবস্থানও উন্নত হয়। কিন্তু শহরে সেটা হয় না। গ্রামে দরিদ্ররা মর্যাদা পায়। কিন্তু শহরে এদের তুই-তোকারি থেকে শুরু করে বিভিন্ন রকম অপমানজনক ভাষায় অপদস্থ করা হয়। এই মর্যাদার বিষয়টিও গুরুত্বপূর্ণ। শহরে দারিদ্র্য ও সামাজিক প্রান্তিকতা সমার্থক হয়েছে। দরিদ্রের চাহিদা মাথায় রেখে একটি অর্থনীতি চালু হয়েছে। রাজনীতির সঙ্গে জড়িত লোকজন এদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের অন্যায় সুযোগ দিচ্ছে। এভাবেও শহর অবাসযোগ্য হচ্ছে। আমরা মনে করছি, পুলিশ একটি প্রজাতি। রাজনীতিবিদেরা একটা প্রজাতি। আরেকটা প্রজাতি আমরা। আমরাও বিভিন্নভাবে অনিয়ম করছি। রাজউকের চেয়ারম্যান বললেন, বাড়ি করার সময় কেউ নিয়ম মানছি না। এমন অনেক ক্ষেত্রে অনিয়ম করছি। নাগরিক সংস্কৃতি আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আবার আমরা ভাবছি, রাজনীতিবিদেরা সব করবে। পরিকল্পনাবিদেরা করবে। আমলারা করবে। আমাদের কিছু করার নেই। এই মানসিকতা আমাদের ক্ষতিগ্রস্ত করছে। আমরা মধ্যম আয়ের দেশ হব। কিন্তু শহরগুলো হবে আবাস–অযোগ্য। এটাই আমাদের নিয়তি হবে। এ নিয়তি আমরা চাই না। এ জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।

শামসুল আলম: এই শহরের ৪৩ শতাংশ মানুষ কাঁচা ঝুপড়ি ঘরে বাস করে। দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ শহরে বাস করে। আমরা যেভাবেই বলি না কেন, এই নগর কিন্তু নগর হয়ে ওঠেনি। প্রাইভেট কারে কাজে যায় মাত্র ৩ শতাংশ মানুষ। বাস, মিনিবাস, মোটরসাইকেলে কাজে যায় ৩২ শতাংশ মানুষ। ৬০ শতাংশ মানুষ রিকশায় ও হেঁটে যাতায়াত করে। যে শহরে এত বিশাল একটা জনগণ হেঁটে ও রিকশায় যাতায়াত করে, তাকে কীভাবে শহর বলা যায়? এ শহর মৌলিক প্রয়োজন পূরণ করতে পারছে না। গণতন্ত্র শুরু হয়েছিল নগরে। আমাদের নগর আছে, কিন্তু সেই অর্থে গণতন্ত্র নেই। তাই অনেকেই বলেন, আমার কথা কে শোনে। তাহলে কীভাবেই বা নগরের উন্নয়ন হবে? নীতিনির্ধারণী মহল ও জনগণের মধ্যে প্রকৃত সংযোগ নেই।
২০২১ সালে ৫০ শতাংশ মানুষ শহরে বাস করবে। সে সময় উচ্চবিত্ত ও মধ্যবিত্তের সংখ্যা আরও বাড়বে। এদের চাপে গণতন্ত্র ও সুশাসন আসবে। আজকের এই ক্ষোভ-বিক্ষোভ ইতিবাচক। এগুলো যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায় তাহলে তারা পার্ক, খোলা জায়গা, খেলার মাঠ, বিনোদন ইত্যাদির দাবি নিয়ে মাঠে নামবে। নীতিনির্ধারণী মহল এ কাজগুলো করতে উদ্যোগী হবে। ভোট না পাওয়ার ভয়ে প্রায় ২৫ বছর হলো সিটি করপোরেশনের কর বাড়ছে না। সম্পদ না বাড়লে কীভাবে নগরের উন্নয়ন হবে? পঞ্চম ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার নেতৃত্ব আমি দিতে পেরেছি। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ হচ্ছে। এ কাজে আপনারা সবাই মতামত দেবেন। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিকল্পিত নগর নিয়ে একটি অধ্যায় থাকবে। এ পরিকল্পনায় পরিকল্পিত নগরের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

নজরুল ইসলাম: পরিকল্পিত নগরায়ণের সময় অনেক আগেই পার হয়েছে। দেশে ৫৩২টি নগরের মধ্যে বৈষম্য রয়েছে। সমতা ও সম্প্রীতি আনতে হলে দেশভিত্তিক নগরের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। প্রত্যন্ত অঞ্চলের শহর এবং ঢাকা ও চট্টগ্রাম শহরের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। মোগল আমলে নাগরিকদের বসবাসের মধ্যে সমতা ছিল। ব্রিটিশ আমলে বৈষম্য শুরু হয়। রমনা, নীলক্ষেত বড়লোকদের জন্য। পাকিস্তান আমলে এটা আরও প্রকট হলো। নগরায়ণের সূত্র হচ্ছে বড়লোকদের গাড়ি থাকায় তারা দূরে থাকবে। ব্রিটিশ ও পাকিস্তানিদের জন্য আমাদের এখানে হলো তার বিপরীত। আমি উত্তরায় জায়গা পেয়েছি। আমার বন্ধু বারিধারায় পেয়েছে। আমাদের মধ্যে কিন্তু বৈষম্য তৈরি হয়ে গেল। উত্তরা একসময় মডেল টাউন ছিল। আজ উত্তরার সব জায়গায় দোকানপাটে ভরে গেছে। এদের আবার একশ্রেণির সুবিধাবাদী বসাচ্ছে। তাদের ক্ষুদ্র আয়ে এরা ভাগ বসাচ্ছে। নিম্ন আয়ের মানুষ যদি কমপক্ষে ২০ হাজার টাকা আয় করে, তাহলে কিছুটা জীবনমানের উন্নয়ন ঘটাতে পারে। কীভাবে শিক্ষার সমতা আশা করবেন? একটা শিশুকে প্লে গ্রুপে পড়াতে দুই লাখ টাকা ডোনেশন লাগে।
বেতন পাঁচ থেকে ১০ হাজার টাকা। মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থীর কথা কেউ ভেবেছেন? তারা কীভাবে থাকে, কী পড়ে, কী করে, কী খায়? কীভাবে সমতা আসবে? বিশ্বব্যাংক দেড় বা দু্ই কোটি লোকের শহরে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান করে দিল মেট্রোরেল ছাড়াই। সব মানুষ কেবল বােস যাতায়াত করবে? এমন অবাস্তব পরিকল্পনা তারা দিয়েছিল। পরবর্তী সময়ে আমাদের চাপে মেট্রোরেল যুক্ত করতে বাধ্য হয়। শেষ কথা হলো, যা কিছু করতে চাই না কেন, সেখানে রাজনৈতিক নেতৃত্বের শক্ত প্রতিশ্রুতি থাকতে হবে।

আব্দুল কাইয়ুম: নগর বৈষম্য কমিয়ে সমতা ও সম্প্রীতি আনতে হলে দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন। যেভাবেই হোক, নগরগুলোকে বাসযোগ্য করতে হবে। তা না হলে বর্তমান ও আগামী প্রজন্ম অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকবে।। আজ এখানে অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা হয়েছে। নগরের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় আলোচিত হয়েছে। আশা করি নীতিনির্ধারণী মহল এ বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

যাঁরা অংশ নিলেন

শামসুল আলম : সদস্য, পরিকল্পনা কমিশন
নজরুল ইসলাম : সভাপতি, সেন্টার ফর আরবান স্টাডিজ
জয়নুল আবেদীন : চেয়ারম্যান, রাজউক
হোসেন জিল্লুর রহমান : সভাপতি, পিপিআরসি
মোবাশ্বের হোসেন : সাবেক সভাপতি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
মো. আনসার আলী খান : সিইও, ঢাকা সাউথ সিটি করপোরেশন ও যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গোলাম রহমান : সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
সারওয়ার জাহান : অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বুয়েট
সৈয়দা রিজওয়ানা হাসান : নির্বাহী পরিচালক, বেলা
ইকবাল হাবীব : যুগ্ম সম্পাদক, বাপা
আকতার মাহমুদ : অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মো. নূরুল্লাহ : অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এলজিইডি
আশিকুর রহমান : নগর কর্মসূচি বিশেষজ্ঞ, ইউএনডিপি, বাংলাদেশ
হিশাম উদ্দীন চিশতি : উপনগর পরিকল্পনাবিদ, শেলটেক লি.
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো