প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয়া সায়মা হোসেন বলেছেন, আপাতত রাজনীতিতে প্রবেশ করার পরিকল্পনা না থাকলেও তিনি তাঁর সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বাংলাদেশে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চান। গতকাল শনিবার বার্তা সংস্থা ইউএনবির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির। সায়মা হোসেন বলেন, ‘আমাদের রক্তে মিশে আছে রাজনীতি। আমাদের দেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। তবে এই রাজনীতি নিয়ে আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। কিন্তু আমি এমন একটি সমাজ গঠনে কাজ করতে চাই, যেখানে সক্ষম ও অক্ষম উভয়ের ক্ষেত্রে সমান অধিকার থাকবে।’ তিনি বলেন, ‘মানুষ আমাদের বিশ্বাস করে। আর এটাই তাঁদের জন্য কাজ করতে আমাদের অনুপ্রেরণা জোগায়।’যুক্তরাষ্ট্রভিত্তিক অটিজম স্পিকসের এই প্রতিনিধি আরও বলেন, অটিস্টিক শিশুদের নির্মল ও নিরাপদ জীবনের জন্য তাদের প্রতি শুধু স্নেহ ও ভালোবাসাই যথেষ্ট নয়, মা-বাবা, অভিভাবক ও শিক্ষকসহ সমাজের প্রত্যেক মানুষকে অটিস্টিক শিশুদের পূর্ণ ভালোবাসা ও আবেগ দিয়ে গ্রহণ করতে হবে। অটিজমকে জটিল সমস্যা অভিহিত করে তিনি চিকিৎসক, শিক্ষক এমনকি মা-বাবাকেও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক স্তরেই শিশুদের অটিজম কীভাবে শনাক্ত করা যায়, সেটাই হবে এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। সায়মা হোসেন আরও বলেন, অটিজমের লক্ষণগুলো শনাক্ত করে মা-বাবাকে তার সমাধান করার প্রশিক্ষণ দেওয়াটা গুরুত্বপূর্ণ। অটিজমের ব্যাপারে মা-বাবা সচেতন হলে জন্মের দুই বছরের মধ্যে তা শনাক্ত করা সম্ভব। সেই সঙ্গে কার্যকরভাবে অটিজমের চিকিৎসা করাও যাবে। গ্রামীণ সমাজের মানুষকে অটিজম সম্পর্কে কীভাবে সচেতন করা যায়—এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর কন্যা বলেন, ‘আজকাল ইন্টারনেট-সুবিধা ইউনিয়ন পর্যায়েও চলে গেছে। প্রযুক্তি ব্যবহার করে আমরা খুব সহজেই তথ্য ছড়িয়ে দিতে পারি। এমনকি শিক্ষক ও মা-বাবাকে প্রশিক্ষণের ক্ষেত্রেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।’ তিনি বলেন, মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে অটিস্টিক শিশুদের ভর্তি হওয়ার বিষয়টি সহজতর করতে হবে। ইউএনবি।