সমন পেয়ে তথ্য দিলেনওসি
অবশেষে তথ্য দিলেন ঢাকার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তথ্য কমিশন থেকে সমন জারির পর প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদকের চাহিদামতো প্রায় সব তথ্যই সরবরাহ করেছেন তিনি।
ঢাকার ধামরাই উপজেলা থেকে ২০১১, ২০১২ ও ২০১৩ সালে পুলিশের কনস্টেবল পদে যেসব ব্যক্তি নিয়োগ পেয়েছেন, তাঁদের নাম এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা জানতে চেয়ে গত ২০ এপ্রিল প্রথম আলোর পক্ষ থেকে ধামরাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়। নির্দিষ্ট সময়ে তথ্য সরবরাহ না করায় নিয়ম অনুযায়ী গত ২৭ মে ঢাকার পুলিশ সুপারের কাছে আপিল করা হয়। এর পরও তথ্য সরবরাহ করা হয়নি। এ ব্যাপারে ১০ জুলাই তথ্য কমিশনে অভিযোগ করা হয়। এরপর বাদী প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক অরূপ রায় ও বিবাদী ধামরাই থানার ওসি এস এম আলমগীর হোসেনকে গতকাল রোববার তথ্য কমিশনে তলব করা হয়।
এদিকে তথ্য কমিশনের সমন পেয়েই ওসি আলমগীর অরূপ রায়কে ১০১ পৃষ্ঠার ছাপানো কাগজে তথ্য সরবরাহ করেন।
এ প্রসঙ্গে ওসি বলেন, ‘তথ্য অধিকার আইন সম্পর্কে কোনো ধারণা ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও এ বিষয়ে আমাকে সতর্ক করেনি। তথ্য কমিশন থেকে সমন পাওয়ার পর তথ্য অধিকার আইন সম্পর্কে সব জেনেছি এবং জানার পরই তথ্য সরবরাহের উদ্যোগ নিই।’
সরবরাহ করা তথ্যে নিয়োগ পাওয়া ব্যক্তিদের স্থায়ী ঠিকানার উল্লেখ না থাকার কারণ প্রসঙ্গে ওসি বলেন, ‘পুলিশ সুপারের কার্যালয় থেকে যে তথ্য দেওয়া হয়েছে, আমি সেসব তথ্যই সরবরাহ করেছি।’