সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার সঙ্গে এখন থেকে নিয়মিত বৈঠক করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। বাসযোগ্য নগর গড়ে তোলা এবং উন্নয়নকাজে সমন্বয়হীনতা দূর করতে ২৩টি সংস্থার কাছে সহযোগিতা চেয়ে ১২৪টি প্রস্তাব দিয়েছে করপোরেশন। গতকাল বুধবার সকালে ‘চট্টগ্রাম মহানগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় মেয়র এ প্রস্তাব দেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে ২৮টি সংস্থার প্রধান ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সভায় বলেন, চট্টগ্রাম শহরকে বাসযোগ্য ও পরিকল্পিত উপায়ে গড়ে তুলতে এবং নাগরিকদের প্রত্যাশা পূরণের জন্য নতুন করে কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় না থাকলে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা যাবে না।
সিটি করপোরেশনের প্রায় ৩০০ কোটি টাকার দায়-দেনার বিষয়টি উল্লেখ করে মেয়র বলেন, একটি নাজুক অবস্থায় দায়িত্ব নিলেও তিনি দিশেহারা নন। প্রতিটি সংস্থা এগিয়ে এলে পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। সবার আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নগরবাসীর প্রত্যাশা পূরণ করা যাবে। সভায় বিভিন্ন সংস্থাকে বকেয়া গৃহকর পরিশোধের অনুরোধ জানান মেয়র।
সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা কোনো সংস্থার একার পক্ষে নিরসন করা সম্ভব নয়। দৃষ্টিনন্দন ও আধুনিক নগর গড়ার জন্য সবার সহযোগিতা দরকার। তিনি নগর উন্নয়নে গুরুত্ব বিবেচনা করে পরিকল্পনা নির্ধারণের পরামর্শ দেন। চট্টগ্রাম নগরের উন্নয়নে ১৯৯৫ সালে প্রণয়ন করা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা সমস্যা নিয়ে নগরবাসীকে ভুগতে হতো না বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম সব সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত করার আহ্বান জানান। তিনি বলেন, সমন্বয় ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলে তা ফলপ্রসূ হয় না।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, নগরে এখনো পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই। পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক ও জাইকা আগ্রহ প্রকাশ করেছে।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, চট্টগ্রামকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরে পরিণত করার জন্য নগর সরকারের বিকল্প নেই। সব সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে মেয়রকে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ নগরের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন।
করপোরেশনকে সহযোগিতার বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভেজালবিরোধী অভিযানে জেলা প্রশাসন সমন্বিতভাবে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে।
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম।