ঢাকার নির্বাচিত মেয়রদের রুটিন কাজের পাশাপাশি শহরে সেবাদানকারী ৫৬টি সংস্থার মধ্যে সমন্বয়ের কাজ করতে হবে। জনগণের নেতা হিসেবে একটি কার্যকর ‘নগর সরকার’ প্রবর্তনের মাধ্যমে শক্তিশালী স্থানীয় সরকার গঠনের কাজকে বাস্তব রূপ দিতে সমন্বয়কের ভূমিকা নিতে হবে। গতকাল বুধবার ‘ঢাকা শহরে নাগরিক সুযোগ-সুবিধা: মেয়রদের নিকট প্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়েছে।
মতবিনিময় সভার আয়োজক পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), নাগরিক সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং উন্নয়ন সংগঠন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট।
বিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা উত্তর সিটির মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী, এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. জামান ভূঞা, শেখ মো. ফজলে বারী মাসউদ, কাজী মো. শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, বাহাউদ্দিন আহমেদ, মো. আনিসুজ্জামান খোকন, শেখ শহিদুজ্জামান। দক্ষিণ সিটির মেয়র প্রার্থী আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন, মো. বাহারানে সুলতান বাহার, এ এস এম আকরাম, মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, মশিউর রহমান ও মো. জাহিদুর রহমান।
আয়োজক সংগঠনদের পক্ষ থেকে বলা হয়, বর্তমান বাস্তবতা ও আইনের আওতায় মেয়র পদের যে ক্ষমতা তাতে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে পরিকল্পিত, জনবান্ধব নগর উন্নয়ন ও তার ব্যবস্থা নেওয়া যেমন সম্ভব নয়, তেমনি এ ধরনের প্রত্যাশাও করা ঠিক নয়। এসব সীমাবদ্ধতা মেনে নিয়েই মেয়রদের কাজ করতে হবে বলে সভায় উল্লেখ করা হয়। তবে প্রার্থীদের পক্ষ থেকে বলা হয়, পাঁচ বছরে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কাজ করলে সফল হওয়া সম্ভব।
শুরুতেই সংগঠনগুলোর পক্ষ থেকে বিআইপির সাধারণ সম্পাদক আকতার মাহমুদ প্রত্যাশা ও করণীয় নিয়ে প্রস্তাব তুলে ধরেন। সূচনায় তিনি বলেন, এ শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে দরকার অনেক সময়। কিন্তু মেয়রদের মেয়াদ মাত্র পাঁচ বছর। বর্তমান শাসনকাঠামো এবং সীমাবদ্ধতা বিবেচনায় মেয়র ও কাউন্সিলদের ১০টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত বলে প্রস্তাবে তুলে ধরা হয়।
সংগঠনগুলোর পরামর্শ অনুযায়ী, ১০টি অগ্রাধিকারের মধ্যে শুরুতে রয়েছে পরিবহনব্যবস্থা নিয়ে। গণপরিবহনব্যবস্থার প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রণী ভূমিকা নেওয়া, পথচারীবান্ধব নগর গড়ে তোলা এবং সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তুলতে মেয়রকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। গণপরিসর, উন্মুক্ত স্থান খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এসব কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করতে হবে। দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নিরাপদ শহর গড়ে তোলা, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের আবাসনব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্ব দেওয়ার কথাও রয়েছে ১০ দফায়। দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জনের পাশাপাশি সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। ওয়ার্ডগুলোকে সিটি করপোরেশনের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত করা এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।
চারটি সংগঠনের তুলে ধরা প্রস্তাবের পর ঢাকার দুই সিটি করপোরেশনের ১৫ জন মেয়র পদপ্রার্থী এ বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। এসব প্রস্তাবের বেশির ভাগই তাঁদের ইশতেহারে রয়েছে বলেও উল্লেখ করেন প্রার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থপতি ইকবাল হাবিব। বিআইপির সভাপতি গোলাম রহমান, ডব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।