সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি
যানজট রাজধানী ঢাকার অন্যতম প্রধান সমস্যা। ট্রাফিক আইন না মানা, সুষ্ঠু পরিকল্পনার অভাব, ফুটপাত দখল, রাস্তার তুলনায় অতিরিক্ত যানবাহন—এ সবই আছে যানজটের পেছনে। সম্প্রতি এর সঙ্গে যোগ হয়েছে রাস্তা খোঁড়াখুঁড়ি এবং সময়মতো সেগুলো ঠিক না করা। আর বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়হীনতাকে।
বিভিন্ন সংস্থা প্রায় সারা বছরই ঢাকার রাস্তা খোঁড়ে। বর্ষায় তা আরও বাড়ে। খোঁড়াখুঁড়ির ফলে রাস্তায় গাড়ি চলাচলের পরিসর কমে। বেড়ে যায় যানজট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সৈয়দ কুদরত উল্লাহ বলেন, যখন কোনো সেবা প্রদানকারী সিটি করপোরেশনের কাছে রাস্তা খোঁড়ার জন্য আবেদন করে, তখন একটি কমিটির মাধ্যমে তার অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতে সিটি করপোরেশনের পাশাপাশি, পুলিশ ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধি থাকেন। তিনি বলেন, সমস্যা হয় যখন নির্দিষ্ট সময়ের ভেতর সংস্থাগুলো কাজ শেষ না করে। এ জন্য তাদের চিঠি দেওয়া হয়। তবে সব কটিই সরকারি সংস্থা হওয়ায় বেশি কিছু ব্যবস্থা নেওয়া যায় না।
ঢাকার মোট রাস্তা প্রায় ২ হাজার ১৩২ কিলোমিটার। এর মধ্যে ২ হাজার ১২১ কিলোমিটারেরই মালিক দুই সিটি করপোরেশন। এই রাস্তাগুলোর সড়কবাতি ও ট্রাফিক নিয়ন্ত্রণ বাতিগুলোর মালিকও সিটি করপোরেশন। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশনের। আবার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে ট্রাফিক পুলিশের।
এই ব্যবস্থাকে ‘হ-য-ব-র-ল’ বলে মন্তব্য করেন বুয়েটের অধ্যাপক মো. শাকিল আখতার। তিনি বলেন, ঢাকার উন্নয়ন কাজে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নেই। রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য ট্রাফিকের যানবাহন ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হয় এটা ঠিক, তবে এটাই একমাত্র সমস্যা নয়। তবে এ সমস্যার সমাধান করতে হলে ট্রাফিক পুলিশসহ নগরবাসীর সেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত সব সংস্থা সিটি করপোরেশনের অধীনেই থাকা উচিত।