সমন্বয়ের সংকটে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে সমন্বহীনতা প্রকট হয়ে উঠেছে। কমিশনাররা একজন যা বলছেন, অন্যজন তার উল্টো বলছেন। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তৈরি হচ্ছে আস্থাহীনতা।

সাংবিধানিক এই প্রতিষ্ঠানের প্রধান কাজ গণতান্ত্রিক সরকার ও প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা। এর জন্য দরকার সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রয়োজনীয় বিধি প্রণয়ন, ভোটার তালিকা তৈরি, সর্বোপরি জনগণের আস্থা অর্জন করা। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে কমিশনারদের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে অনেকে মনে করছেন, এই লক্ষ্য অর্জনের বিষয়ে তাঁদের মধ্যে উদাসীনতা আছে।

কমিশনের একাধিক কর্মকর্তা, রাজনীতিক ও নাগরিক প্রতিনিধিরা মনে করেন, এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনে আনা এবং সব দল নিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানই নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত। কিন্তু সে রকম কোনো পরিকল্পনা বা তৎপরতা দৃশ্যমান নয়। উল্টো এসব বিষয়ে একেকবার একেক রকম বক্তব্য আসছে কমিশনারদের কাছ থেকে।

গত মঙ্গলবার কমিশনার জাবেদ আলী বলেছিলেন, ‘বিএনপিকে নির্বাচনে আনার জন্য কমিশন প্রচেষ্টা চালাচ্ছে বললে খুব অসত্য বলা হবে না। বিএনপিসহ সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, করছি এবং ভবিষ্যতেও করব। আমরা আশাবাদী, সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচন হবে।’

কিন্তু গতকাল বুধবার সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো যোগাযোগ নেই। এ বিষয়ে কমিশনে কোনো সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া আইনগত দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করা উচিতও নয়। কেউ যদি যোগাযোগ করেন, সেটা ব্যক্তিগত পর্যায়ের।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা নিয়েও হয়েছে একই ঘটনা। সরকার ২০০৯ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে ‘সশস্ত্র বাহিনী’ শব্দটি বাদ দেয়। তারপর এই কমিশন দায়িত্ব নেয়। সিইসিসহ অন্তত তিনজন এরপর নিয়মিত বাহিনীই দায়িত্ব পালন করবে। নিজেদের এই মতের পক্ষে থেকে তাঁরা সর্বশেষ আরপিও সংশোধনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় ‘সশস্ত্র বাহিনী’ শব্দটি অন্তর্ভুক্ত করেননি।

কিন্তু ৪ নভেম্বর নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বললেন, ভোটকেন্দ্রের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা যথেষ্ট নয়। নির্বাচন সুষ্ঠু করার জন্য এলিট ফোর্স হিসেবে রাষ্ট্রপতিকে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানানো হবে।

৬ নভেম্বর একই সুরে সিইসি বললেন, সশস্ত্র বাহিনী মোতায়েন ছাড়া এক দিনে জাতীয় সংসদের ৩০০ আসনে নির্বাচন করা সম্ভব নয়। সেই বিবেচনায় আসন্ন সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে।

কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল কমিশনের বৈঠকে এই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কমিশনার আবদুল মোবারক। তিনি বলেন, নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে কমিশনের বৈঠকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অথচ কমিশন থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় নিয়েও নির্বাচন কমিশনাররা এক কথায় থাকতে পারেননি। ১৪ আগস্ট নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছিলেন, এ রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল করার সুযোগ আছে। আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত জামায়াতের নিবন্ধন বহাল থাকবে। তারা নির্বাচনও করতে পারবে।

কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর কমিশনার আবু হাফিজ ২ অক্টোবর প্রথম আলোকে বলেছিলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর জামায়াতের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

৭ অক্টোবর নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছেন, হাইকোর্টের রায়ের পর জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। হাইকোর্ট বলেছেন, কমিশন যে প্রক্রিয়ায় জামায়াতকে নিবন্ধন দিয়েছে, তা বৈধ ছিল না। আদালত এখন ভিন্ন কোনো নির্দেশনা না দিলে দলটি আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই কমিশন আপাতত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, কোনো বিজ্ঞপ্তিও জারি করবে না।

সিইসিসহ কমিশনারদের এসব পরস্পরবিরোধী বক্তব্যের কারণে কমিশনের সমন্বয়হীনতা প্রকাশ্য হয়ে উঠেছে। কমিশনের জাতীয় নির্বাচনের মতো বিপুল কর্মযজ্ঞ সামাল দেওয়ার সামর্থ্য নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে। বিব্রত বোধ করছেন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা।

কমিশন আগেও বেশ কিছু বক্তব্য দিয়েছিল, যার সঙ্গে বর্তমান অবস্থানের কোনো মিল নেই। কমিশন দায়িত্ব নেওয়ার পরপর সিইসিসহ অন্য কমিশনাররা একাধিকবার বলেছিলেন, নির্বাচনের আগে পর্যায়ক্রমে তাঁরা সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবেন। দেড় বছর পর কমিশন এখন বলছে, সময় নেই। তাই নির্বাচনের আগে দলগুলোর সঙ্গে মতবিনিময় করা সম্ভব নয়।

নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করার আগে কমিশন বলেছিল, এর খসড়া প্রতিটি নিবন্ধিত দলের কাছে পাঠানো হবে। কিন্তু শেষ পর্যন্ত কমিশন সময় কম উল্লেখ করে খসড়াটি অনলাইনে প্রকাশ করে দায় সেরেছে। তাতে কোনো দল থেকে কোনো সুপারিশ পাওয়া যায়নি।

২৯ আগস্ট কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক একটি টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে। কিন্তু একই দিন নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেছিলেন, ‘জানুয়ারির তৃতীয় সপ্তাহে নির্বাচন করার কথাটি এই প্রথম শুনলাম। এ বিষয়ে কমিশনের বৈঠকে কোনো আলোচনা হয়নি।’

নির্বাচন কমিশনের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে কেন এমন সমন্বয়হীনতা—জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগতভাবে কমিশনারদের মতামত প্রকাশ করা উচিত নয়। আমি মনে করি, কোনো বিষয়ে নীতিগত বা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর সে বিষয়ে কথা বলা উচিত।’

জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কমিশনের কাজে সমন্বয়ের অভাব রয়েছে। এ কারণেই সিদ্ধান্ত নেওয়ার আগেই তাঁরা নানা বিষয়ে ব্যক্তিগত মতামত দিয়ে দিচ্ছেন। কিন্তু কমিশনারদের ব্যক্তিগত মত দেওয়ার সুযোগ নেই। এসব বক্তব্য প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। যে কারণে বর্তমান কমিশন ইতিমধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই কমিশনের অধীনে নির্বাচন হলে মানুষ তা গ্রহণ করবে না।