
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব। এ জন্য কর্ণফুলী নদী খনন করতে হবে। নগরের সব খাল দখলমুক্ত করে খনন করতে হবে। কর্ণফুলী ও বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত খালগুলোর মুখে জলকপাট (স্লুইসগেট গেট) নির্মাণ করতে হবে। তবে সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া এ ক্ষেত্রে সফলতা আসবে না।
আজ শনিবার প্রথম আলো আয়োজিত ‘জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি কবে?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রামে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পে প্রচুর অর্থ ব্যয় হবে। তবে সামগ্রিকভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার কোনো বিকল্প নেই। বিচ্ছিন্নভাবে প্রকল্প বাস্তবায়ন করা হলে তাতে কতটুকু সুফল আসবে, তা নিয়ে সন্দেহ আছে। এভাবে দীর্ঘ মেয়াদে কোনো সুফলও পাওয়া যাবে না। তাই প্রকল্প গ্রহণের আগেই সংশ্লিষ্ট সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় করতে হবে।
মেয়র নাছির আরও বলেন, যানজট, জলাবদ্ধতা, পানি, বিদ্যুৎসহ সব সমস্যার জন্যই নগরবাসী সিটি করপোরেশনকেই দায়ী করছে। কারণ, এই শহরে মেয়রই একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি। অথচ বিভিন্ন সেবা সংস্থা যে যার মতো করে প্রকল্প বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের সঙ্গে কেউ সমন্বয় করে না। তবে জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি প্রবীণ অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান বলেন, জলাবদ্ধতা সমস্যা নিরসনে কেউ এগিয়ে না এলেও উড়ালসড়কের জন্য ঠিকই দাঁড়িয়ে গেছে। তিনি বলেন, সিটি করপোরেশন ও সিডিএর দায়িত্বশীল ব্যক্তিরা একই সরকারের মানুষ। এখন তো ভাগাভাগির কোনো প্রশ্ন নেই। সবার সঙ্গে সমন্বয়ের জন্য মেয়রকে দায়িত্ব দিতে হবে। উন্নয়নের জন্য যেখানে সেখানে টাকা ছিটিয়ে দিলে হবে না। যিনি যত বেশি টাকা আনেন তিনি তত বড় নেতা। এটি কোনো কথা না। ব্যক্তি নয় প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে।
বৃষ্টি না থাকলেও নগরের আগ্রাবাদ ও বাকলিয়াসহ কয়েকটি এলাকায় জোয়ারজনিত জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত ও শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হওয়ার কথা বৈঠকে জানান চট্টগ্রামের আগ্রাবাদ মহিলা কলেজের শিক্ষক ফাতেমা শরমিন। তিনি বলেন, ‘জোয়ারের সময়সূচি দেখে নির্ধারিত সময়ের আগেই আমরা কলেজ ছুটি দিয়ে দিই। কীভাবে সিলেবাস শেষ করব জানি না। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই।’
জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ। তিনি বলেন, ব্রিটিশ-পাকিস্তান আমল থেকেই চাক্তাই খাতুনগঞ্জ অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু এখন চট্টগ্রামের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এমনিতেই ঢাকায় চলে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলাবদ্ধতার যন্ত্রণা। এভাবে বাণিজ্য নগরকে কীভাবে রক্ষা করা যায় তা ভেবে দেখতে হবে।
চট্টগ্রাম বন্দরের স্বার্থেই কর্ণফুলী নদীকে সচল রাখতে খনন করার দাবি জানিয়েছেন চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার খালেদ। তিনি বলেন, জলাবদ্ধতার কারণে শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। খালগুলোর তলদেশ ভরাট হয়ে গেছে। নাব্যতা হারিয়েছে। এক সময় শহরে ১৫ হাজার পুকুর ও জলাশয় ছিল। তা ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের জন্য আরএস (রিভিশন সার্ভে) অনুযায়ী খালগুলো পুনরুদ্ধার করতে হবে এবং গভীরতা ফিরিয়ে আনতে হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক আয়শা আক্তার বলেন, চট্টগ্রাম নগরের কী পরিমাণ ও কতটা এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় তা খুঁজে বের করতে হবে। এ ব্যাপারে গবেষণার জন্য ডেটাবেইস তৈরি করা দরকার। প্রয়োজনে একটি মডেল স্টাডি করা যেতে পারে।

জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার। তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত এই সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব না। তবে পরিকল্পিতভাবে ১০-১২ বছর কাজ করলে চট্টগ্রামকে ৫০-৬০ বছরের জন্য রক্ষা করা সম্ভব।
প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ১৯৯৫ সালে প্রণীত ড্রেনেজ মহাপরিকল্পনার আলোকে স্বল্প মেয়াদে নগরের খালগুলো অপদখলমুক্ত করে পানি নিষ্কাশনের সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। নতুন খাল খনন করতে হবে। একই সঙ্গে সেবা সংস্থার পাইপ লাইন অপসারণ এবং সেতু ও কালভার্টগুলো উঁচু ও প্রশস্ত করতে হবে। মধ্য মেয়াদে জলাধার, জোয়ার রোধক ফটক নির্মাণ এবং নতুন শাখা-প্রশাখার নালা নির্মাণ করতে হবে। দীর্ঘ মেয়াদে বন্যা প্রতিরক্ষা বাঁধ ও অবশিষ্ট জলাধার ও জোয়ার রোধক ফটক নির্মাণ করতে হবে। স্বল্প মেয়াদের কাজগুলো তিন বছর, মধ্য ও দীর্ঘ মেয়াদের কাজগুলো যথাক্রমে ৪ ও ৫ বছরের মধ্যে করতে হবে।
খাল দখল ও জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের কারণে নগরের জলাবদ্ধতা সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আলী আশরাফ। বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি বলেন, ১৯৬৯ সালের জন স্নেল অ্যান্ড কোম্পানির জরিপে চট্টগ্রাম নগরে খাল ছিল ৭০ টি। মহাপরিকল্পনা করার সময় ওয়াসা পেয়েছে ২২ টি। তার মধ্যে চারটি মৃত। আবার সিটি করপোরেশন বলছে খাল আছে ৩৮ টি। অর্থাৎ বাকি খালগুলো দখল হয়ে গেছে। আরএস জরিপ অনুযায়ী খালের জায়গা খালকে ফেরত দিতে হবে।
খালগুলোর মুখে জলকপাট দেওয়া হলে নগরের জলাবদ্ধতা ৬০ শতাংশ নিরসন হবে বলে দাবি করেছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। নগরের জলাবদ্ধতা নিরসনে তাঁদের নেওয়া ২ হাজার ৫৯৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে বলে জানান তিনি।
তবে বাংলাদেশে জলকপাটের ইতিহাস খুব সুখকর নয় বলে মন্তব্য করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পর্ষদ সদস্য জাফর আলম। তাঁর মতে, জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম নগরের সবাই দায়ী। নির্বিচারে পাহাড় কাটা হয়েছে। খাল ভরাট করে স্থাপনা করা হয়েছে। মানুষ প্রকৃতিকে হত্যা করেছে। এখন প্রকৃতি প্রতিশোধ নেওয়া শুরু করেছে। সিডিএর নেওয়া ছয় হাজার কোটি টাকার প্রকল্প সম্পর্কে জাফর আলম বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের আগেই এটি প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় অনুমোদন পেয়েছে। পরামর্শক নিয়োগ দেওয়া হবে পরে। এই প্রকল্প বাস্তবায়নে সিডিএর সক্ষমতা আছে কি না, তা দেখা দরকার।
তবে প্রকল্প বাস্তবায়নে সিডিএর সক্ষমতা আছে বলে দাবি করেন প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে আরএসের ভিত্তিতে নগরের খালগুলো উদ্ধার করে খনন করা হবে। এরপর খালের দুপাশে ১৫ ফুট করে রাস্তা নির্মাণ করা হবে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মুহাম্মদ জহরুল হক বলেন, নগরের জলাবদ্ধতা সমস্যা নিরসনে নগরের প্রধান খালগুলোতে পানির ধারণক্ষমতা বৃদ্ধি করতে হবে। নালার পরিমাণ বাড়াতে হবে। নালা-নর্দমা ও খালে যাতে ময়লা-আবর্জনা ফেলতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। কালভার্টগুলো উঁচু ও প্রশস্ত করার প্রয়োজন আছে। এসব করতে পারলে জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান পরিবর্তন আসবে।
বৈঠকে আরও বক্তব্য দেন ওয়াসার প্রধান প্রকৌশলী মুহাম্মদ জহুরুল হক। উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে সূচনা ও সমাপনী বক্তব্য দেন সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, জলাবদ্ধতা দূরীকরণে চট্টগ্রাম একটি আদর্শ হিসেবে দাঁড়ালে ঢাকাসহ অন্যান্য শহর এ থেকে শিক্ষা নিতে পারবে। তিনি বলেন, এই সমস্যার সমাধান করতে হলে জনসংখ্যাও নিয়ন্ত্রণ করতে হবে। না হলে অপরিকল্পিত বসতি বাড়তে থাকবে। পাহাড় কাটা বন্ধ করতে হবে। কারণ, বৃষ্টি হলে পাহাড়ের মাটি ও বালি খাল ও নালা-নর্দমায় গিয়ে ভরাট হয়ে যায়। পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়।
এই নগরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করে উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি বলেন, চট্টগ্রাম পিছিয়ে পড়লে বাংলাদেশ পিছিয়ে পড়বে।