সমন্বিত উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত উন্নয়নে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে। তিন মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হতে পারে।এই দুই খাতের প্রায় ১২টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এক কর্মশালায় এটি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, এই কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে এখনকার মতো অসামঞ্জস্য থাকবে না। কোথাও বিদ্যুৎকেন্দ্র হলো কিন্তু জ্বালানি নেই, কিংবা কোথাও জ্বালানি আছে কিন্তু তার ব্যবহার নেই—এ অবস্থার অবসান ঘটবে।গতকাল শনিবার ‘সেক্টর লিডারস ওয়ার্কশপ’ শিরোনামের দুই দিনের ওই কর্মশালা শেষ হয়েছে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৯০ সালের পর থেকে চাহিদার তুলনায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যে ঘাটতি চলে এসেছে, আগামী বছর সে ক্ষেত্রে ভারসাম্য আসবে। কিছু উদ্বৃত্তও হতে পারে।সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের মধ্যে কাজের সমন্বয় ও সমঝোতা গড়ে তোলার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২০০৯ সাল থেকে এ ধরনের কর্মশালার আয়োজন করে আসছে। সরকারের নির্বাচনী ইশতেহার, রূপকল্প ২০২১ এবং বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০১০-এর আলোকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন পরিকল্পনাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা ও সুপারিশমালা তৈরি করা হয় এবারের কর্মশালায়।সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, ওই সুপারিশগুলোর ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির জন্য ছয়জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে তাঁরা কাজটি শেষ করবেন।সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত উন্নয়নে ২০৩০ সালের উদ্দেশ্যে সরকার যে যাত্রা শুরু করেছে, সবার সম্মিলিত চেষ্টায় তা সফল করতে হবে।বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি অনেক দিনের। এ সমস্যা নিরসনে কিছু পদক্ষেপ নিয়েও তেমন ফল পাওয়া গেছে বলে মনে হয় না। বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়নের মধ্যে সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের কাজও করতে হবে সমন্বিতভাবে।কর্মশালায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে দেশের জ্বালানি উৎসগুলোর উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে বলা হয়েছে, মোট জ্বালানি চাহিদার অর্ধেকের বেশি অভ্যন্তরীণ উৎস থেকে সরবরাহ করতে হবে। ২০৩০ সালে প্রায় ৩৯ হাজার মেগাওয়াট বিদ্যুতের অর্ধেক উৎপাদন করা হবে কয়লা জ্বালিয়ে। এক-চতুর্থাংশ গ্যাস ও এক-চতুর্থাংশ করা হবে অন্যান্য উৎস (তেল, জলবিদ্যুৎসহ নবায়নযোগ্য ও আমদানি) থেকে।