সমন্বিত উপ-আঞ্চলিক সহযোগিতার ওপর মনমোহনের গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে সমন্বিত উপ-আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ভারতের প্রধানমন্ত্রী এ গুরুত্বারোপ করেন। মনমোহন ১৩৬ সদস্যের সরকারি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যা সমাধান, বাণিজ্যে ভারসাম্যহীনতা সহনীয় পর্যায়ে আনাসহ অন্যান্য খাতে সহযোগিতা জোরদারে ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসেন। খবর বাসসের।২৫ মিনিট স্থায়ী সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, মনমোহন সিংয়ের এ সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে এক নতুন দিকের সূচনা করবে।সাক্ষাৎকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে সন্ত্রাস দমনের কৌশল কার্যকরভাবে বাস্তবায়নে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে হবে। ভারত এ দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার পাশাপাশি সম্ভাবনামূলক খাতে বিনিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ দেওয়ায় মনমোহন বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ১৯৭২ সালে ইন্দিরা গান্ধীর নির্দেশে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে এ দেশের পরিকল্পনা কমিশনে কাজ করার স্মৃতি বর্ণনা করেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে দেশের মহান স্বাধীনতাযুদ্ধে সে দেশের সরকার ও জনগণের সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান মনমোহনের মাধ্যমে সুবিধাজনক সময়ে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালথানওয়ালা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন, পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার উপস্থিত ছিলেন।বাংলাদেশের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, রাষ্ট্রপতির সচিব শফিউল আলম, সামরিক সচিব কাজী ফখরুদ্দিন আহমেদ ও রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইঞা উপস্থিত ছিলেন।