সমন্বিত ও সহজ ভর্তিপ্রক্রিয়া নিশ্চিত করুন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ । ফাইল ছবি
রাষ্ট্রপতি আবদুল হামিদ । ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ও সহজ ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাসসের খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ৪৫ সদস্যবিশিষ্ট উপাচার্য প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি-ইচ্ছুক, বিশেষ করে ছাত্রী ও তাদের অভিভাবকদের ভর্তিকালীন দুর্ভোগ কমাতে সমন্বিত সহজ ভর্তিপ্রক্রিয়া নিশ্চিত করা দরকার।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়, বিশেষ করে ছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় উল্লেখ করে রাষ্ট্রপতি এ সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার জন্য তিনি উপাচার্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি হামিদ সময়োপযোগী পাঠ্যক্রম এবং বিশ্বমানের গুণগত শিক্ষার সিলেবাস নিশ্চিত করার জন্য সব বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে তাঁদের যোগ্যতা ও মেধা যাচাই করে এ ক্ষেত্রে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে যেকোনো নতুন বিভাগ চালুর ক্ষেত্রে সময়ের চাহিদা বিবেচনা করার জন্য উপাচার্য এবং অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
ছাত্র-শিক্ষক সম্পর্কের কথা তুলে ধরে আবদুল হামিদ শিক্ষক ও ছাত্রদের মধ্যে দূরত্ব হ্রাস এবং শিক্ষকদের সর্বোচ্চ নৈতিকতা ধারণে উপাচার্যদের প্রতি আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান এবং সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।