বিশেষজ্ঞরা বলেছেন, সমন্বিত খামার পদ্ধতির মাধ্যমে হাওর এলাকায় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। গতকাল বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলনকক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত এক কর্মশালায় কৃষি বিশেষজ্ঞরা এ কথা বলেন।‘হাওর এলাকায় জীবনযাত্রার মান উন্নয়ন’ শীর্ষক ওই কর্মশালায় বক্তারা বলেন, হাওর এলাকায় কৃষির উন্নয়ন ছাড়া দেশের সার্বিক কৃষি উন্নয়ন সম্ভব নয়। কিন্তু এসব এলাকার লোকজন সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে। ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সমন্বিত খামার পদ্ধতি চালু করা উচিত। এ বিষয়ে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক জসীম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক এম আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সত্য রঞ্জন সরকার ও বিএআরসির কৃষি প্রকল্পের (এনএটিপি) পরিচালক আবুল কাশেম। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলতাব হোসেন, অধ্যাপক মেজবাহ উদ্দিন, অধ্যাপক আকতারুজ্জামান, অধ্যাপক এম এ সালাম প্রমুখ।