সমন্বিত জ্বালানি নীতিমালা তৈরির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সমন্বিত জ্বালানি নীতিমালা না থাকার পাশাপাশি বিদ্যমান জ্বালানি আইনের প্রয়োগ নেই। বিদ্যমান জ্বালানি সংকটে, দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় তৈরি করতে হবে জ্বালানি সম্পদ রপ্তানি নিষিদ্ধের আইন ও সমন্বিত জ্বালানি নীতিমালা। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল শুক্রবার ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। সভার আয়োজন করে এনার্জি সল্যুশন অব বাংলাদেশ (ইএসবি)। সভায় অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, দেশের খনিজসম্পদ বিদেশিদের তুলতে দেওয়া মানে রপ্তানি করার সুযোগ দেওয়া। সরকার এ ক্ষেত্রে মালিকানা    নিজের হাতে রেখে ঠিকাদার নিয়োগ দিতে পারে। প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারে শেয়ারবাজার থেকে। কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন-পদ্ধতিকে অর্থনীতিতে ভয়াবহ রক্তক্ষরণ বলে উল্লেখ করে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি টি রহমতউল্লাহ বলেন, এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকারকে ১৮ হাজার কোটি টাকা ভর্ভুকি গুনতে হয়। তিনি আরও বলেন, এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয় যুদ্ধকালীন ও দেশে জরুরি অবস্থায়। পাকিস্তানে কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আদালত গ্রেপ্তারের নির্দেশ দিলেও এ দেশে তাদের আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। সভায় তিতাস গ্যাসের দুর্নীতি ও অব্যবস্থাপনার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ইএসবির প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমেদ। কয়লা উত্তোলনের নানা দিক তুলে ধরেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। বক্তব্য দেন বুয়েটের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম, সাবেক জ্বালানিসচিব এম এ এম নাসির উদ্দিন প্রমুখ।