সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হালদাকে রক্ষার আহ্বান
হালদা নদীতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয় এমন রাবার ড্যাম, কংক্রিট ড্যাম এবং স্লুইসগেট নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে হালদা নদী রক্ষা কমিটি। সেচ ও পানি উত্তোলনসংক্রান্ত প্রকল্প গ্রহণের ক্ষেত্রে হালদার পানির পরিমাণ নিয়ে সমীক্ষা করারও দাবি জানায় তারা।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে হালদা নদী রক্ষা কমিটির আয়োজনে ‘হালদার সমস্যা ও উত্তরণ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সম্মেলনে জানানো হয়, হালদা চট্টগ্রামের ৭০ লাখ মানুষের সুপেয় পানির প্রধান উৎস। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নদীটিকে রক্ষা করা দরকার।
সংবাদ সম্মেলনে হালদা নদী রক্ষা কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান বলেন, ‘আমরা বাঁধ বা চাষের বিরোধী নই। কিন্তু কৃষিকে গুরুত্ব দিতে গিয়ে যেমন নদীর মৎস্যসম্পদকে ধ্বংস করা যাবে না, তেমনি চাষাবাদের প্রয়োজনীয়তাকেও অস্বীকার করা যাবে না। একটি নদীকে ঘিরেই যেহেতু অনেকগুলো প্রয়োজন পূরণ করতে হচ্ছে, সে কারণে সব কটির মধ্যে সমন্বয় সাধন করতে হবে।’
সংবাদ সম্মেলনে হালদা নদী রক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরীয়া বলেন, কোনো ধরনের সমীক্ষা ছাড়াই হালদা নদীতে রাবার ড্যাম, স্লুইসগেট নির্মাণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মো. ইদরিস, হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।