আগামী নির্বাচন সামনে রেখে দলীয় প্রচার-কৌশল নির্ধারণ করেছে আওয়ামী লীগ। এখন থেকে সংগঠন, নির্বাচন পরিচালনা কমিটি ও দলীয় প্রচার বিভাগ সমন্বয়ের মাধ্যমে প্রচারকাজ চালাবে। এ জন্য উচ্চ পর্যায়ের একটি স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি, প্রচার বিভাগ ও দলীয় গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের যৌথ সভা হয়। সভায় নির্বাচনী প্রচারণার কলাকৌশল নিয়ে উল্লিখিত আলোচনা ও সিদ্ধান্ত হয় বলে বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ রেজা আলী, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ছেলে রেজোয়ান সিদ্দিক (ববি), তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, শেখর দত্ত, তারিক সুজাদ প্রমুখ। সূত্র জানায়, সভায় ঈদের আগেই তৃণমূল নেতাদের নিয়ে প্রচারবিষয়ক কিছু কর্মশালা আয়োজনের ব্যাপারে আলোচনা হয়। এসব কর্মশালায় জেলা ও উপজেলার নেতাদের দলীয় প্রচার-কৌশল সম্পর্কে ধারণা দেওয়া এবং তাঁদের মতামত নেওয়া দরকার বলে সভায় মত প্রকাশ করা হয়। এ ছাড়া বিরোধী দলের প্রচারের জবাব দেওয়ার কলাকৌশল নিয়েও আলোচনা হয়।