সমন্বিত বাহিনীতে যেতে চায় না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>• পুলিশের নীতিনির্ধারণী গ্রুপের বৈঠক।
• সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি, জনবল বৃদ্ধি নিয়ে আলোচনা।
• সমন্বিত বাহিনী নিয়ে অভিজ্ঞতা ভালো নয়।


নিজেদের কমান্ডের বাইরে আর কোনো সমন্বিত বাহিনীতে যুক্ত হতে চান না পুলিশ কর্মকর্তারা। বাহিনীর সাংগঠনিক কাঠামোতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত ‘পলিসি গ্রুপ’-এর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে এ ছাড়া পুলিশ কর্মকর্তাদের জন্য সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি, জনবল বৃদ্ধি, পুলিশের বিশেষ শাখা বা এসবিতে ইংরেজি বোঝা জনবল নিয়োগ এবং চট্টগ্রাম পুলিশের ঝুঁকিভাতা বন্ধ করার বিষয় নিয়ে আলোচনা হয়।

এই বৈঠকের ব্যাপারে জানতে চাইলে পুলিশের পদস্থ কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক সোহেলী ফেরদৌস প্রথম আলোকে বলেন, বৈঠকের আলোচ্যসূচিতে যেসব বিষয় ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এ ব্যাপারে তাঁদের আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

পুলিশের মনোভাবের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, পুলিশের বৈঠকে কী আলোচনা হয়েছে তা তিনি জানেন না।

পুলিশ বাহিনীর নীতি নির্ধারণের ক্ষেত্রে পলিসি গ্রুপের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত বলে বিবেচিত হয়। বাহিনী কীভাবে চলবে, করণীয় কী থেকে শুরু করে সবকিছুই ঠিক করে পলিসি গ্রুপ। এই গ্রুপের বৈঠকে উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত থাকেন। গতকাল সকালের এই বৈঠক হয় পুলিশ সদর দপ্তরে। এতে সব রেঞ্জের ডিআইজি, সব মহানগর পুলিশের কমিশনার, পুলিশ একাডেমির অধ্যক্ষ ছাড়াও মহাপরিদর্শকসহ সদর দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের প্রথম আলোচ্যসূচিই ছিল পুলিশের সাংগঠনিক কাঠামোতে কম্পোজিট ফোর্স বা সমন্বিত বাহিনী যুক্ত করার প্রসঙ্গ।

অনুপাত অনুসারে পুলিশ, সশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি ও কোস্টগার্ড থেকে সদস্যদের নিয়ে গঠিত বিশেষ বাহিনীকে বলা হচ্ছে কম্পোজিট ফোর্স বা সমন্বিত বাহিনী। র‍্যাব হচ্ছে এ রকম একটি সমন্বিত বাহিনী।

বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ প্রসঙ্গ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। পুলিশ কর্মকর্তারা মনে করেন, এভাবে সমন্বিত বাহিনীতে কাজ করার ক্ষেত্রে পুলিশ সদস্যরা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এ নিয়ে তাঁদের মধ্যে নানা ধরনের বৈরিতা সৃষ্টি হয়। বেশির ভাগ পুলিশ কর্মকর্তাই বৈঠকে বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের কোনো দায়িত্ব দেওয়ার আগে তাঁরা যেন নিজেদের কমান্ডে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

একাধিক কর্মকর্তা বলেন, বেশির ভাগ কর্মকর্তা মনে করেন, সমন্বিত বাহিনী নিয়ে তাঁদের অভিজ্ঞতা ভালো নয়। ২০০৪ সালে র‍্যাব এবং বিমানবন্দরের নিরাপত্তার জন্য ২০১৬ সালে এভিয়েশন সিকিউরিটি ফোর্স-অ্যাভসেক গঠন করার পর তার লক্ষ্য নিয়ে এই দুটি সংস্থায় বিভিন্ন বাহিনীর মধ্যে জটিলতা লেগেই আছে। র‍্যাবে কর্মরত বিভিন্ন বাহিনীর সদস্যদের মধ্যেও সমস্যা রয়েছে। এ কারণে র‍্যাব গঠনের পরে ১৪ বছরে পুলিশ সুপার পদের কোনো কর্মকর্তা র‍্যাবে যোগ দেননি। এসব নিয়ে পুলিশের মহাপরিদর্শককে একাধিকবার বৈঠক করতে হয়েছে।

সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তার জন্য অ্যাভসেক গঠন করা হলেও সেটা ঠিকমতো কাজই করতে পারছে না। দেখা যাচ্ছে এক সংস্থার সদস্যদের সঙ্গে অন্য সংস্থার সদস্যদের মধ্যে রয়েছে বৈরী মনোভাব। বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যদের নিয়ে এই বাহিনী গঠন করা হলেও তাঁরা অ্যাভসেকে এসে যাত্রীদের দেহ তল্লাশি, ব্যাগ তল্লাশির মতো দায়িত্ব পালন করতে হীনমন্যতায় ভুগছেন। অনেকে বদলির চেষ্টা করেন। কেউ কেউ বিমানবন্দরের নিরাপত্তায় থাকা ব্রিটিশ প্রতিষ্ঠান রেড লাইনের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার পরও অ্যাভসেক থেকে বদলি হয়ে চলে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকার পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার জন্য একটি সমন্বিত বাহিনী গঠন করার কথা ভাবছে সরকার। এর সদর দপ্তর হবে পাবনার পাকশীতে। এই বাহিনীতে বিভিন্ন বাহিনীর সদস্যদের রাখা হবে। এই সমন্বিত বাহিনীর গঠন নিয়ে পুলিশের মতামত চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকালের পলিসি গ্রুপ বৈঠকে এ ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, সেটাই পুলিশের মতামত হিসেবে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। এ বিষয়ে পলিসি গ্রুপের সিদ্ধান্ত হচ্ছে পুলিশ সমন্বিত বাহিনীতে যুক্ত হলেও নিজেদের কমান্ডেই কাজ করবে।

সমন্বিত বাহিনীর ব্যাপারে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো যৌথ বাহিনী করার ক্ষেত্রে প্রথম ভাবতে হবে যাতে কারও অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন না হয়। সেটা ক্ষুণ্ন হলে পরস্পরের মধ্যে বৈরিতা সৃষ্টি হবে এবং একপর্যায়ে সেটা অকার্যকর হয়ে যাবে।

অন্যান্য সিদ্ধান্ত

বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, পলিসি গ্রুপের বৈঠকে পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়। এতে বলা হয়, এভাবে পদ সৃষ্টি হলে কর্মকর্তারা পদোন্নতিবঞ্চিত হবেন না। সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টির ফলে পদ না থাকলেও একজন কর্মকর্তা পদোন্নতি পাবেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক। বৈঠকে পুলিশের সিনিয়র এএসপির পদ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়। পুলিশ কর্মকর্তারা চান এই পদ বিলুপ্ত করে সিনিয়র এএসপিরা অতিরিক্ত পুলিশ সুপার হবেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, পুলিশের বিশেষ শাখায় কনস্টেবলদের বদলির ক্ষেত্রে তাঁদের শিক্ষাগত যোগ্যতা যেন বিবেচনায় আনা হয়। এখন থেকে উচ্চমাধ্যমিক পাস এবং ইংরেজি জ্ঞান থাকা কনস্টেবলরাই এসবিতে বদলির সুযোগ পাবেন।