সমন্বিত স্বাস্থ্যসেবার ওপর জোর দিলেন ডব্লিউএইচওর মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব মার্গারেট চ্যান বলেছেন, বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভালো উদাহরণ রয়েছে। তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ নিজেদের সেই কাজকে ধাপে ধাপে উন্নতি করা। তিনি দেশে সমন্বিত স্বাস্থ্যসেবার ওপর জোর দেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।মার্গারেট চ্যান সাংবাদিকদের বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে (এমডিজি ৪ ও ৬) বাংলাদেশ ঠিক পথেই চলছে। শুধু মাতৃমৃত্যু হার হ্রাসের (এমডিজি ৫) ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। তিনি বলেন, এ দেশে স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রয়োজন।সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব আলতাফ আলীসহ মন্ত্রণালয় এবং ডব্লিউএইচওর এ দেশীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্গারেট চ্যান তিন দিনের সফরকালে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ দেশের স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ করেন। গত সোমবার তিনি যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং সাতক্ষীরার আইলাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। গতকাল তিনি বাংলাদেশ ত্যাগ করেন।ডব্লিউএইচওর মহাসচিব সমন্বিত স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে বলেন, ‘আমি ওয়ান স্টপ সেবার কথা বলছি। ধরুন, একজন মা সেবা নিতে এলেন, এসে তিনি বুকের দুধ খাওয়ানো সম্পর্কে জানবেন। একই সঙ্গে তাঁকে পরিবার পরিকল্পনা, টিকা, পানি ও পয়োনিষ্কাশন সম্পর্কেও ধারণা বা সেবা দেওয়া হবে।’ এক প্রশ্নের উত্তরে চ্যান বলেন, এ মাসের মধ্যেই সোয়াইন ফ্লুর টিকা বাংলাদেশে পৌঁছাবে।সংবাদ ব্রিফিংয়ের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, ওষুধ শিল্পকে আরও শক্তিশালী করা এবং টিকা উত্পাদনের ক্ষেত্রে ডব্লিউএইচও বাংলাদেশকে সহায়তা করবে।