সমন্বিতভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো আয়োজিত গোলটেবিলে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন (ডানে), সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান l ছবি: প্রথম আলো
প্রথম আলো আয়োজিত গোলটেবিলে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন (ডানে), সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান l ছবি: প্রথম আলো

এক গোলটেবিল বৈঠকের আলোচনায় আলোচকেরা বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একক নয়, বিভিন্ন মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের দেখভালের দায়িত্ব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মূলধারার স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিবন্ধিতার বিষয়টিকে সম্পৃক্ত করতে হবে।
প্রথম আলোর আয়োজনে ‘প্রতিবন্ধীবান্ধব জাতীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে করণীয়’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে আলোচকেরা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। জাতিসংঘের সনদ, সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং আইন ও নীতির কমতি নেই। তবে এসব আইন, নীতির বাস্তবায়নে ঘাটতি আছে।
গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বেসরকারি সংগঠন সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। এতে আলোচকেরা বলেন, সরকারি স্বাস্থ্য অবকাঠামো প্রতিবন্ধীবান্ধব না হওয়ায় এই ব্যক্তিদের স্বাস্থ্যসেবা পেতে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে যেতে হচ্ছে। কিন্তু সেখান থেকে সেবা নিতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা বেশির ভাগ প্রতিবন্ধী ব্যক্তির নেই। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে বাজেট বরাদ্দ এবং জনবলকে প্রশিক্ষিত করার সুপারিশ করেন আলোচকেরা।
আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন অধিকার নিশ্চিত করতে হলে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। নিরাপদ প্রসব, মানসম্মত চিকিৎসা, সড়ক নিরাপত্তা, ফুটপাত কেমন হবে—সবকিছুর সঙ্গেই প্রতিবন্ধিতার বিষয়টি জড়িত। নতুন স্বাস্থ্য স্থাপনায় ঢালু পথ বা র্যা ম্প থাকা বাধ্যতামূলক করেছে সরকার। আসন সংরক্ষণ করা সম্ভব না হলেও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।
প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ উপযোগী টয়লেট তৈরি, স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিদের ইশারা ভাষায় প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে এনায়েত হোসেন বলেন, সরকারের কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্য করতে হবে।
জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মানস রঞ্জন চক্রবর্তী স্নাতক পর্যায়ের চিকিৎসা পাঠ্যক্রম এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় প্রতিবন্ধিতার বিষয়টি সম্পৃক্ত করার সুপারিশ করেন। তিনি তাঁর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘রোগী কানে শোনেন না। তাঁকে কিছুতেই বোঝাতে পারছি না। অথচ ইশারা ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত একজন কর্মী থাকলে এই রোগীর চিকিৎসা করাটা সহজ হয়ে যেত। হাসপাতালের জন্য আমি চেয়েছি স্পিচ থেরাপিস্ট আর দেওয়া হয়েছে ফিজিওথেরাপিস্ট। আমাদের ধারণাকেও স্পষ্ট করতে হবে।’
গোলটেবিল বৈঠকের মূল বক্তব্যে সিডিডির সহকারী পরিচালক আনিকা রহমান বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার ‘সবার সাধ্যের নাগালে মানসম্পন্ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা’ শীর্ষক পরিকল্পনায় ৪৪টি কার্যক্রম এবং ৫২টি নির্দেশক রেখেছে। তবে এতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে আলাদাভাবে কিছু বলা হয়নি।
মানিকগঞ্জের সিভিল সার্জন ইমরান আলী জানালেন, সিডিডি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সমঝোতা স্মারকের মাধ্যমে মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা সরকারি হাসপাতালে দুটি থেরাপি ইউনিট চালু করা হয়েছে।
সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা অনুযায়ী চিকিৎসা দিতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১০৩টি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। তবে তাদের স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল ধারায় প্রতিবন্ধীদের সেবার বিষয়টিকে সম্পৃক্ত করতে হবে।
প্রতিবন্ধী ও উন্নয়নবিষয়ক পরামর্শক নাফিসুর রহমান বলেন, সরকারি হাসপাতালে স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্টের পদগুলো তৈরি করা হয়নি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১০৩টি সেবা সহায়তা কেন্দ্রকে আপাতত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত করে রেফারাল সেন্টার হিসেবে ব্যবহারের সুপারিশ করেন তিনি।
পাবনার দোগাছি ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দলের সভাপতি ইব্রাহীম হোসেন নিজের এবং তাঁর দলের এক নারী সদস্যের চিকিৎসাসেবা পেতে যে ভোগান্তি হয়েছে, তা তুলে ধরেন। তিনি বলেন, ‘সিডিডি বিনা মূল্যে আমাকে একটি কৃত্রিম পা লাগিয়ে দিয়েছে। আমার থেরাপি লাগে। সদর হাসপাতালে থেরাপির ব্যবস্থা নাই। বাইরে থেরাপি দিলে একবার থেরাপিতেই লাগে ৫০০ টাকা। সরকারের হাজার কোটি টাকার বাজেট আছে, কিন্তু হাসপাতালে হুইলচেয়ার নাই। হাসপাতালের কর্মীরা আমাদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, তা-ই জানেন না। অথচ সরকার বিশেষ কার্ড দিয়ে আমাদের “গোল্ডেন নাগরিক” বলছে।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ফর ইউনিভার্সাল হেলথ কভারেজ, জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের পরিচালক সৈয়দ মাসুদ আহমেদ সম্প্রতি রাজধানীর লালমাটিয়া থেকে স্মার্ট কার্ড নিতে গিয়ে দেখেছেন, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা লাইন বা কোনো বিশেষ ব্যবস্থা করা হয়নি। হুইলচেয়ার নিয়ে যাঁদের দোতলায় উঠতে হয়েছে, তাঁদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সংগঠন লাইট ফর দ্য ওয়ার্ল্ডের ডিজঅ্যাবিলিটি রাইটস স্পেশালিস্ট লেইক সুইয়ি এবং একই সংগঠনের জেন্ডার অ্যান্ড ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন অ্যাডভাইজার মুরালি পদ্মানাভান প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি কল্যাণের পরিবর্তে ‘অধিকার’ হিসেবে দেখতে হবে বলে উল্লেখ করেন।
সিডিডির পরিচালক নাজমুল বারী প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যবিমার আওতায় আনা এবং এই জনগোষ্ঠীর জন্য কোনো পরিকল্পনা যাতে কমিউনিটিভিত্তিক হয়, তার সুপারিশ করেন।