পাট খাতের সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে জাতীয় পাট খাত সমন্বয় কমিটি গঠনের সুপারিশ করেছে জাতীয় পাট কমিশন। সরকারি সংস্থাগুলোর বাইরে পাটচাষি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে এই বোর্ড গঠন করা হবে। কমিটি নিয়মিত সভা করে সমস্যা সমাধান ও উন্নয়নে প্রস্তাব রাখবে। গতকাল সোমবার পাট কমিশনের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ প্রতিবেদনটি পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হাতে তুলে দেন। ২০০৯ সালের মে মাসে পাট কমিশন গঠনের পর ওই বছর নভেম্বর মাসে প্রতিবেদনটি জমা দেওয়ার কথা ছিল। তা জমা দেওয়া হলো প্রায় দুই বছর পর। তবে পাটমন্ত্রী জানান, এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী দুই মাসের মধ্যে জাতীয় পাটনীতির খসড়া চূড়ান্ত করা হবে। মন্ত্রিসভায় উপস্থাপনের পর তা চূড়ান্ত হলে এর ভিত্তিতে পাট খাতের পুনর্গঠনে উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবেদন পাওয়ার পর পাটমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে বিশ্বব্যাংকের অর্থায়নে তৎকালীন সরকার গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে পাটকলগুলো বন্ধ করে দেয়। একই সময় বিশ্বব্যাংক ভারতে নতুন পাটকল স্থাপনে তিন কোটি ডলার সহায়তা দিয়েছে। তিনি আরও বলেন, সব বন্ধ পাটকল নতুন নামে চালু করা হবে। আদমজী পাটকলও নতুন নামে প্রতিষ্ঠা করা হবে। প্রতিবেদনে বলা হয়, সত্তরের দশকে দেশের মোট রপ্তানি আয়ের ৭৫ থেকে ৮০ শতাংশ আসত পাট খাত থেকে। বর্তমানে তা কমে তিন থেকে চার শতাংশে নেমে এসেছে। সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে দেশের সার্বিক বৈদেশিক মুদ্রা অর্জনে পাট খাত বর্তমানের চেয়ে অনেক বেশি অবদান রাখতে পারবে। সরকার সব পাটকলের অতীত ঋণের দায়িত্ব নিয়েছে। ঋণগ্রস্ত বেসরকারি মিলগুলোর ক্ষেত্রেও সমস্যাটির সমাধান জরুরি। পাটের সবচেয়ে সম্ভাবনাময় খাত বহুমুখী পাটপণ্য নিয়ে প্রতিবেদনে বলা হয়, অতীতে পাটের বহুমুখী ব্যবহার নিয়ে অনেক গবেষণা হয়েছে। কিন্তু বিনিয়োগ ও সরকারি উৎসাহের অভাবে তার অগ্রগতি হয়নি। আন্তর্জাতিক বাজারে পৃষ্ঠপোষকতার অভাবে এই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। সরকারি পাটকলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে বিজেএমসিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। বলা হয়, এটি সরকারি জুটমিলগুলোর সার্বিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবে—তদারকি করবে। দেশে-বিদেশে পাট ও পাটজাত পণ্যের বাজার গবেষণা সমন্বয় করবে। এ জন্য সংস্থাটির জনবল ও কর্মপদ্ধতি ঢেলে সাজাতে হবে। বিজেএমসিকে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তৈরির সুপারিশ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কাঁচা পাটের চেয়ে পাটজাত রপ্তানি বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। এতে মূল্য সংযোজন ও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। মধ্যস্বত্বভোগীদের সরিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি পাট কিনতে হবে। কৃষকদের পাটচাষিদের জন্য সহজ শর্তে ঋণ ও ভালো পাটের বীজ সরবরাহের পরামর্শ দিয়ে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতি হেক্টরে ১ দশমিক ৮৬ টন পাট উৎপাদন হয়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও বিনা যে নতুন জাতের পাটবীজ উদ্ভাবন করেছে, তা মাঠ পর্যায়ে নিয়ে গেলে হেক্টরে তিন টন পাট উৎপাদন সম্ভব। কৃষকদের ন্যায্যমূল্যের জন্য পাটের আগাম সর্বনিম্ন মূল্য নির্ধারণের পরামর্শ দেয় কমিশন। প্রতিবেদন প্রকাশে দেরি হওয়ার কারণ জানতে চাইলে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, প্রতিবেদনটি তৈরি করার ক্ষেত্রে মাঠ গবেষণা করতে হয়েছে। ২০ জন গবেষক এর সঙ্গে যুক্ত ছিলেন। ফলে পুরো কাজ গুছিয়ে আনতে দেরি হয়েছে। পাটনীতি তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে তার খসড়া করার চেষ্টা করা হবে বলে তিনি জানান।