সমন্বয় করে ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে এবার স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে ভর্তি পরীক্ষা নেবে। একই দিনে যেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না হয়, তা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও ঠিক করা হয়েছে।

স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের গত বুধবার রাতের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় পরিষদ সম্ভাব্য তারিখ দিয়ে একটি ‘গাইডলাইন’ দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়গুলো এই তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষার ব্যবস্থা করবে। একই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার আলোচনা হলেও সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এখন সমন্বয় করে ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের দুর্ভোগ অনেকটাই কমবে।

আগামী রোববার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) ভর্তির কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কয়েক বছর ধরে তাদের বার্ষিক প্রতিবেদনে বলছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর চলমান ভর্তি-প্রক্রিয়া ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল। বর্তমান পদ্ধতিতে বেশির ভাগ শিক্ষার্থীকে ৬ থেকে ১০টি ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়।

অভিভাবক ও শিক্ষার্থীরাও বলছেন, বর্তমানে একাধিক বিশ্ববিদ্যালয়ে একই দিনে বা কাছাকাছি সময়ে পরীক্ষা হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। এসব কারণে ভর্তিব্যবস্থা সংস্কার করে সমমনা বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ করে ভর্তি পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাগিদ দিলেও কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ের আপত্তির কারণে সেটি সম্ভব হয়নি।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: সম্ভাব্য তারিখ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী ৯, ১০, ১৬, ১৭, ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯ থেকে ১২ নভেম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ থেকে ৯ নভেম্বর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৫ থেকে ১৯ নভেম্বর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪ ও ৫ ডিসেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৯ থেকে ১২ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৭ ও ২৮ নভেম্বর, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৪, ৫ ও ৬ ডিসেম্বর, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১১ ও ১২ ডিসেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরীক্ষা হবে ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবর।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১০ বা ১৭ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩১ অক্টোবর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ নভেম্বর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ নভেম্বর ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ২০ অথবা ২৭ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৪ নভেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৮ ডিসেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৮ নভেম্বর ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৭ নভেম্বর।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ নভেম্বর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর ও ১ থেকে ৩ ডিসেম্বর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ নভেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ ও ২১ নভেম্বর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৭ ও ২৮ নভেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ ও ১৪ ডিসেম্বর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ ও ২১ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে।

কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ভর্তি পরীক্ষার বদলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত আছে।

বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি মো. রুহুল আমিন বলেন, ঘোষিত সময় অনুযায়ী হয়তো কোনো কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা একই দিনে হতে পারে। সেটা বড় সমস্যা হবে না।