সমন্বয় ছাড়া তিন সংস্থার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ নিতে দীর্ঘ দিন ধরে তাগাদা দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই পরামর্শ উপেক্ষা করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নগরের জলাবদ্ধতা দূর করতে যার যার মতো তিনটি বড় প্রকল্প মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে।

সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে সবচেয়ে বড় প্রকল্প পাঠিয়েছে সিডিএ। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৮৭ কোটি টাকা। চট্টগ্রাম সিটি করপোরেশনও ৫ হাজার ৬০৩ কোটি টাকার আরেকটি প্রকল্প হাতে নিয়েছে। আর একই সমস্যা সমাধানে পাউবো নিয়েছে ২ হাজার ৫৯৪ কোটি টাকার একটি প্রকল্প।

পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি মুহাম্মদ সিকান্দার খান এ প্রসঙ্গে বলেন, জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান সমন্বিত কোনো প্রচেষ্টা নেই। নগর ঘন ঘন ডোবার পর জলাবদ্ধতা নিরসনে তিনটি সংস্থা পৃথক তিনটি প্রকল্প সরকারকে দিয়েছে। এখানেও সমন্বয়ের দৈন্যতা দেখা যাচ্ছে।

চট্টগ্রামের সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি স্পষ্ট হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের লেখা চিঠিতে। নগরে প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতার কথা উল্লেখ করে গত ৩ জুলাই স্থানীয় সরকারমন্ত্রী ও সচিব, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের কাছে চিঠি দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের অবকাঠামোয় বিভিন্ন সরকারি সংস্থা নিজস্ব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সিটি করপোরেশনকে না জানিয়ে অসমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। সংস্থাগুলোর সঙ্গে সিটি করপোরেশনের সমন্বয় না থাকায় চলমান উন্নয়ন কার্যক্রমে জলাবদ্ধতা ও জনদুর্ভোগসহ নানা সমস্যা হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

মেয়র আ জ ম নাছির উদ্দীন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা নিয়ে পাউবোর সঙ্গে করপোরেশনের কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু তারাও আলাদাভাবে প্রকল্প জমা দিয়েছে। সিডিএর প্রকল্প সম্পর্কে ধারণা নেই। তিনি বলেন, চীনের প্রতিষ্ঠান নিয়ে সম্ভাব্যতা যাচাই করে করপোরেশন সরকারের কাছে একটি প্রকল্প পাঠিয়েছে। নগরের জলাবদ্ধতা নিরসনে কাকে দিয়ে কাজ করাবে সেটা সরকার ঠিক করবে।

সিডিএ সূত্রে জানা গেছে, সিডিএর প্রকল্পটি পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) অনুমোদনের অপেক্ষায় আছে। এ বিষয়ে গতকাল রোববার বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।

সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা এই মুহূর্তে চট্টগ্রাম নগরের বড় সমস্যা। এ-সংক্রান্ত যে প্রকল্প নেওয়া হয়েছে তা সরকার চূড়ান্ত অনুমোদন দিলে সিডিএ বাস্তবায়ন করে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করবে। তবে সমন্বয় করে কাজ করা গেলে ভালো।

খোঁজ নিয়ে জানা গেছে, সিডিএর প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। এই প্রকল্পের আওতায় নগরের ৩৬টি খাল থেকে মাটি সরিয়ে খালের দুই পাড়ে প্রতিরোধ দেয়াল নির্মাণ, বন্যার পানি সংরক্ষণের জন্য জলাধার এবং বিদ্যমান সড়কগুলোর পাশে থাকা নালার উন্নয়ন ও সংস্কার, খালের পাড়ে ৮৫ কিলোমিটার সড়ক তৈরি করা হবে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন ‘চিটাগাং ফ্লাড কন্ট্রোল ওয়াটারলগিং ম্যানেজমেন্ট প্রজেক্ট’ নামের প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের জুন থেকে ২০২০ এর মে পর্যন্ত। প্রকল্পটিতে হালদা থেকে পতেঙ্গা পর্যন্ত কর্ণফুলীর নগর প্রান্তে সড়কসহ ১৪ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে খাল খনন ও বাঁধ আধুনিকায়ন, জলকপাট (স্লুইসগেট), সেতু ও একটি পানি শোধনাগার নির্মাণের কথা বলা আছে। আর পাউবোর প্রকল্পে জলকপাট, খাল খনন এবং বন্যা ও প্রতিরোধ দেয়াল নির্মাণের কথা উল্লেখ আছে।

পাউবো চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা প্রথম আলোকে বলেন, তাদের প্রকল্পটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে।