মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে সমন্বয়হীনতা দূর করতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজনকে প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘যুদ্ধাপরাধ বিচার কার্যক্রম পর্যালোচনা’ বিষয়ে এক সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেলের মধ্যে কোনো সমন্বয় নেই। এই সমন্বয়হীনতা দূর করে সার্বিক কার্যক্রম তদারকির জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। এ কমিটিতে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।মন্ত্রী বলেন, তদন্ত সংস্থার কাজে যাতে সমন্বয় থাকে এবং তাঁরা তদারক করতে পারেন, সভায় সে বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে। সভায় সবাই জানিয়েছেন, সমন্বয়ের বিষয়টি আরও শক্তিশালী করতে হবে। বাড়ি, গাড়ি, লোকবলসহ ট্রাইব্যুনালের কিছু লজিস্টিক সাপোর্টের অভাব ছিল। এখনো তাঁদের জায়গার অভাব রয়েছে।মুহিত বলেন, ‘আমাদের আইনজীবী প্যানেল রয়েছে। তাঁদেরও অফিসসহ বিভিন্ন বিষয়ের অভাব রয়েছে। সেখানে সমন্বয়েরও অভাব রয়েছে। প্রধান বিচার কর্মকর্তার দপ্তর যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে, সে বিষয়টি আমাদের আরও লক্ষ রাখতে হবে। তদন্তকারী দলের মধ্যেও কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতা রয়েছে। একজন প্রধান তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে আমরা এ সমস্যা সমাধান করব।’বিচারকাজে অর্থসংকট নেই জানিয়ে মুহিত বলেন, ‘এ জন্য ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।’ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ সময় বলেন, ‘বিচার-প্রক্রিয়া স্বচ্ছ ও এর আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার সচেষ্ট রয়েছে। অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ৫ মে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজের জন্য গঠিত তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল মতীন পদত্যাগ করার পর থেকেই এ পদটি খালি রয়েছে।