সমন্বয়হীন সেবা, মাতৃমৃত্যুর হার কমছে না
মাতৃস্বাস্থ্য সেবার পরিধি বাড়ছে না বলে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার আশানুরূপভাবে কমছে না। জাতিসংঘের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হিসাবে, পৃথিবীর যেসব দেশে মাতৃমৃত্যুর হার বেশি, বাংলাদেশ তার অন্যতম।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য-৫ বা মাতৃমৃত্যুর হার হ্রাস করতে জাতীয়ভাবে কোনো কর্মসূচি নেই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন প্রথম আলোকে বলেন, একটি বিদেশি এনজিও বিভিন্ন প্রকল্পের আওতা ও সেবা পরিস্থিতি জরিপ করেছে। তারা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে জাতীয়ভাবে করণীয় ঠিক করা হবে।মহাপরিচালক স্বীকার করেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, দেশি-বিদেশি এনজিও খণ্ড খণ্ড কোথায় কী প্রকল্প বাস্তবায়ন করছে, তার হিসাব সরকারের দপ্তরে নেই। কত মা সেবা পাচ্ছেন, সে পরিসংখ্যানও নেই।২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যের অগ্রগতির বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল। তাতে সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থার প্রতিনিধি যোগ দিয়েছিলেন। ওই সম্মেলনে সেবার আওতা বৃদ্ধি, সাম্প্রতিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও তার ভিত্তিতে কর্মকৌশল পরিবর্তন ও নতুন পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছিল। পর্যবেক্ষক মহল বলছে, দুই বছর পার হলেও বাংলাদেশে এই দুটি ক্ষেত্রে অগ্রগতি হয়নি।শাহ মনির হোসেন বলেন, মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে সফল উদাহরণ আছে। কিন্তু সেই সফলতাকে জাতীয়ভাবে ব্যবহার করা বা ছড়িয়ে দেওয়া কেন সম্ভব হচ্ছে না, তা ভালোভাবে খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, ‘সফল উদাহরণ হিসেবে আমরা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বছরের পর বছর বলে আসছি। কিন্তু চৌগাছার আদলে আর কোনো সেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি।’সরকারের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের পরিচালক এ বি এম জাহাঙ্গীর আলম বলেন, মাতৃস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে মা, নবজাতক ও শিশুর সমন্বিত স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম, সরকার ও জাতিসংঘের যৌথ মা ও নবজাতক স্বাস্থ্য উদ্যোগ (জয়েন্ট জিওবি-ইউএন এমএনএইচ ইনিসিয়েটিভ)—এসব প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। দাতাদের অর্থে পরিচালিত প্রকল্পগুলো ১৬৫টি উপজেলায় বাস্তবায়নে সহায়তা করছে বিভিন্ন এনজিও। দেশের বাকি উপজেলাগুলো স্বাস্থ্য অধিদপ্তরের কাজের বাইরে রয়েছে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ) জাফর আহমেদ হাকিম বলেন, দেশের ৭০টি (৬০টি জেলায়, আটটি উপজেলায় ও দুটি ইউনিয়নে) মা ও শিশু কল্যাণকেন্দ্রে সেবার মান উন্নত করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের তিন হাজার ৭০০ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে দেড় হাজারের মান উন্নত করা হয়েছে।এই দুই অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, অনেক এনজিও মা, শিশু, কিশোরী, পুষ্টি—এসব বিষয় নিয়ে কাজ করছে। কিন্তু এদের কাজের হিসাব তাদের কাছে নেই। আবার এই দুই অধিদপ্তরের কাজের মধ্যেও কোনো সমন্বয় নেই।দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ মাতৃমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হবে। ব্র্যাক এবং পার্টনারশিপ ফর ম্যাটারন্যাল, নিওনেটাল অ্যান্ড চাইল্ড হেলথের (পিএমএসএইচসি) উদ্যোগে ঢাকা পিএমএসএইচসির নির্বাহী পরিষদের যে সভা চলছে তার উদ্বোধনী দিনে তাঁরা এ কথা বলেন। ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে জীবিত জন্মে ১৪৩-এ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা আছে। ২০০১ সালে এই হার ছিল ৩২০। বর্তমানের হিসাব সরকারের হাতে নেই। সরকারের কর্মকর্তারা বলছেন, সংখ্যাটি ২৫০ থেকে ২৯০-এর মধ্যে হতে পারে। একটি জরিপ চলছে, সঠিক পরিসংখ্যান পাওয়ার জন্য আরও প্রায় ১০ মাস অপেক্ষা করতে হবে।ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহকারী পরিচালক কাওসার আফসানা জানান, সরকার ও ইউনিসেফের সহায়তায় ব্র্যাক নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও ময়মনসিংহ জেলায় ‘মা, নবজাতক ও শিশুর সমন্বিত স্বাস্থ্যসেবা’ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০০৭ সালে নীলফামারীতে মাতৃমৃত্যুর হার ছিল ২৫৭, ২০০৮ সালে তা কমে এসে দাঁড়ায় ২২১-এ। আর ২০০৯ সালে তা ১৬২-এ আসে। কাওসার আফসানা বলেন, ‘সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ব্র্যাকের জোরদার অংশীদারির ফলে এটা সম্ভব হয়েছে। এই অংশীদারি বাড়াতে হবে।’শাহ মনির হোসেন বলেন, ‘চলমান কর্মসূচির মূলায়নের ভিত্তিতে জাতীয়ভাবে কর্মসূচি হাতে নিলে আমরা লক্ষ্য অনুযায়ী মাতৃমৃত্যুর হার কমাতে পারব।’