সমন্বয়ের মাধ্যমে বিএনপির পৌর কমিটি গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির পাবনার ঈশ্বরদী শাখাকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে পৌর কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা।
গতকাল শনিবার সকালে ‘বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন কমিটির’ ব্যানারে অনুষ্ঠিত ঈশ্বরদী বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা এক সমাবেশে এ দাবি করেন।
ঈশ্বরদী পৌরসভার বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমানের সভাপতিত্বে শহরের ফতে মোহাম্মদপুরে তাঁর বাসভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক ও ঈশ্বরদী পৌর কমিটির সহসভাপতি কে এম আকতারুজ্জামান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, পৌর কৃষক দলের সভাপতি আবু রায়হান, ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল হকসহ গোলাম ফারুক, বজলুর রশীদ, আশরাফ রায়হান, রাকিবুল হাসান, ওহিদুজ্জামান।
সমাবেশে মেয়র মকলেছুর রহমান অভিযোগ করেন, ঈশ্বরদীতে দলের মধ্যে ঐক্য না থাকায় ও সমন্বয়ের মাধ্যমে কমিটি গঠন না করায় বর্তমানে পৌর বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সুযোগে আসন্ন পৌর নির্বাচন সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী জোরপূর্বক বিভিন্ন পাড়া-মহল্লায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে উঠোন বৈঠক করছেন।
ঈশ্বরদী পৌর বিএনপির সহসভাপতি আকতারুজ্জামান অভিযোগ করেন, বিগত কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে পৌর মেয়র মকলেছুর রহমান ও তাঁর অনুসারীদের বাদ রাখা হয়েছে। এমনকি তাকেও চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে। পৌর বিএনপি একত্র হয়ে কাজ করলে পৌর ও জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল ঈশ্বরদী পৌর বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
ঈশ্বরদী শহরের বাবুপাড়া ওভার ব্রিজ মোড়ে রেলের পরিত্যক্ত একটি অফিস কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ।