সমবায় প্রতিষ্ঠানের সদস্যদের ২৬ কোটি টাকা লোপাট?
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় একটি সমবায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেড় হাজার সদস্যের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সদস্যদের পক্ষ থেকে মে মাসের প্রথম সপ্তাহে সিরাজগঞ্জ আমলি আদালতে একটি মামলা করা হয়। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
কাজীপুর চরাঞ্চলের নাটুয়ারপাড়া বাজারের একতা কর্মসংস্থান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত সদস্য ও এজাহারের বিবরণ অনুযায়ী, স্থানীয় আবুল কালাম আজাদ ওরফে সেলিম ও তাঁর বন্ধু রবিউল আলম ২০১১ সালের মার্চ মাসে এ সংস্থা প্রতিষ্ঠা করেন। সংস্থাটি সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে ব্যাংকিং কায়দায় জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করছিল।
এলাকার ৮০ জন যুবককে মাঠপর্যায়ের কর্মকর্তা (এজেন্ট) নিয়োগ করা হয়। এ সংস্থা চরাঞ্চলের স্বল্প শিক্ষিত ও নিরক্ষর মানুষকে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে সদস্য বানাতে শুরু করে। এজেন্টদের প্রতি লাখে ২০ হাজার টাকা কমিশন দেওয়া হতো। সদস্যরা অভিযোগ করে বলেন, তাঁদের আস্থা অর্জনের জন্য আবুল কালাম ও রবিউল নাটুয়াপাড়ায় নর্থ বেঙ্গল ট্রেড ইন্টারন্যাশনাল ও নর্থ বেঙ্গল পার্সেল নামের আরও দুটি প্রতিষ্ঠান গড়েন।
চরগিরিশ গ্রামের মিলন মিয়া, নাটুয়াপাড়ার আবদুস সালাম, খোকন মিয়া, কামরুজ্জামান বলেন, তাঁরা ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানত রেখেছিলেন। তবে সদস্যরা যেকোনো অঙ্কের টাকা জমা রাখতে পারতেন। অনেক গ্রাহক জমিজমা এমনকি গরু-ছাগল বিক্রি করে টাকা জমা করেন।
রেহাই শুড়িবের গ্রামের মোশারফ হোসেন বলেন, সংস্থাটি জমি কেনার নাম করেও অনেক টাকা নিয়ে গেছে।
পাঁচজন ভুক্তভোগী বলেন, মাস খানেক আগে টাকা ফেরত চাইতে গেলে আবুল কালাম ও রবিউল আলম টালবাহানা শুরু করেন। তখন সদস্যরা জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ করেন। তারপর বিষয়টি নিয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মিয়ার মধ্যস্থতায় সংস্থার কর্মকর্তা ও সদস্যদের একাধিক বৈঠক হয়। তখন (এক মাস আগে) সংস্থার কর্মকর্তা ও এজেন্টরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
সংস্থার চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তাঁর সহযোগী রবিউল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েক দফা আলোচনা হয়। প্রাথমিকভাবে প্রায় ২৬ কোটি টাকার হিসাব পাওয়া গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা কাজীপুর থানার উপপরিদর্শক মো. কালাম খান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। বর্তমানে সংস্থার কর্মকর্তারা সবাই পলাতক রয়েছেন। শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।