সমবায় প্রতিষ্ঠানের কার্যালয়ে তালা, ব্যবস্থাপক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মৌলভীবাজারের শ্রীমঙ্গল কার্যালয়ে তালা ঝুলছে ২ আগস্ট থেকে। উধাও হয়ে গেছেন কার্যালয়ের ব্যবস্থাপকও। এতে বিপাকে পড়েছেন আমানতকারীরা। সূত্র জানায়, প্রতিষ্ঠানটিতে গ্রাহকেরা প্রায় ২০ লাখ টাকা আমানত রেখেছেন।শ্রীমঙ্গল পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সড়কের একটি ভবনের দোতলায় গত ফেব্রুয়ারি মাসে শাখা কার্যালয় খুলে কার্যক্রম শুরু করে উত্তরা ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।শ্রীমঙ্গল শাখার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত জানুয়ারি মাসে শ্রীমঙ্গল শাখা কার্যালয়ের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে স্থানীয় আট ব্যক্তিকে নিয়োগ দেয়। নিয়োগপত্র পাওয়ার আগে কর্মীদের পদবিভেদে স্থায়ী আমানত হিসেবে ৫০ হাজার ও এক লাখ টাকা দিতে হয়েছে।সূত্র জানায়, এ ছাড়া প্রতিষ্ঠানটি গত ছয় মাসে (ফেব্রুয়ারি-জুলাই) উচ্চ মুনাফার লোভ দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে আরও প্রায় ২০ লাখ টাকা স্থায়ী ও সঞ্চয়ী আমানত সংগ্রহ করে।শ্রীমঙ্গল পৌরসভার শান্তিবাগ আবাসিক এলাকার মো. জালাল মিয়া বলেন, তিনি গত ২ ফেব্রুয়ারি এক লাখ এবং ২৫ মার্চ ৫০ হাজার টাকা স্থায়ী আমানত হিসেবে জমা রেখেছেন। তাঁকে শতকরা ১৫ টাকা মুনাফা দেওয়ার কথা ছিল। ক্যাথলিক মিশন সড়ক এলাকার মো. আবদুল করিম বলেন, তিনি গত ১৭ জুন ৫০ হাজার টাকা জমা রেখেছেন। কথা ছিল তাঁকে শতকরা ২০ টাকা মুনাফা দেওয়া হবে। মৌলভীবাজার সড়ক এলাকার জয়দেব দত্ত চৌধুরী বলেন, তিনি প্রতিষ্ঠানটিতে ৪০ হাজার টাকা জমা রেখেছেন। সূত্র জানায়, এভাবে কলেজ সড়ক এলাকার মনোয়ারা ইলিয়াছ ৫০ হাজার টাকা, রূপসপুরের হেলেনা বেগম এক লাখ ৫০ হাজার এবং স্বর্ণা ইসলাম ৫০ হাজার টাকা প্রতিষ্ঠানটিতে জমা রেখেছেন। গ্রাহকদের কাছ থেকে যে রসিদের মাধ্যমে আমানত সংগ্রহ করা হয়েছে, তাতে প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর উল্লেখ করা হয়েছে সঅ-০৩। প্রতিষ্ঠানটির শ্রীমঙ্গল কার্যালয়ের কনিষ্ঠ কর্মকর্তা শারমিন জাহান বলেন, ‘কোম্পানির শ্রীমঙ্গল শাখায় আমিসহ বিভিন্ন পদে আটজন নিয়োগ পেয়েছিলাম। সবার কাছ থেকে স্থায়ী আমানত রাখা হয়েছে। আমার কাছ থেকে এক লাখ টাকা স্থায়ী আমানত রাখা হয়।’শ্রীমঙ্গল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, সংগৃহীত অর্থ শাখা ব্যবস্থাপক রুকন উদ্দিন ওরফে পলাশের মাধ্যমে ঢাকায় প্রধান কার্যালয়ের ব্যাংক হিসাবে জমা হতো। গত বুধবার দুপুর ১২টায় গিয়ে কার্যালয়টি বন্ধ পাওয়া গেছে। দরজায় ব্যবস্থাপক রুকন উদ্দিনের স্বাক্ষরিত একটি ছুটির নোটিশ সাঁটানো আছে। এতে ১১ আগস্ট পর্যন্ত ঈদের ছুটি শেষে ১২ আগস্ট কার্যালয় খোলার কথা উল্লেখ রয়েছে। কার্যালয় ভবনের মালিক আবু শহীদ মো. আবদুল্লাহ বলেন, ‘ঈদের ছুটির পরে কার্যালয়টি কেউ খোলেননি। প্রতিদিনই লোকজন আসে। ম্যানেজারের খোঁজ করে।’ তিনি জানান, গত জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি দোতলা ভাড়া নেয়। ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে। প্রতিষ্ঠানটির কাছে দুই মাসের ভাড়া ও বিদ্যুৎ বিল বকেয়া আছে।শাখা ব্যবস্থাপক রুকন উদ্দিন পলাশ শ্রীমঙ্গলের রূপসপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন। ঈদের ছুটির আগে তিনি ওই বাড়ি ছেড়ে চলে গেছেন। উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, সমবায় অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে প্রতিষ্ঠানটি নিবন্ধিত। শ্রীমঙ্গলে তারা শাখা খোলার অনুমোদন পেয়েছে। শ্রীমঙ্গলে কার্যক্রম শুরুর আগে তাদের উপজেলার সমবায় কার্যালয়ে যোগাযোগ করার কথা ছিল। কিন্তু তারা তা করেনি।