সমবায় প্রলোভনের ফাঁদে কয়েক হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা থেকে গত তিন মাসে পাঁচটি সমবায় সমিতি গ্রাহকদের বিপুল অঙ্কের টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এতে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।গ্রাহকদের অভিযোগ, এই পাঁচটি প্রতিষ্ঠান প্রায় ৮০ কোটি টাকা নিয়ে গেছে। দোহার ও নবাবগঞ্জের কয়েকটি স্থানে গিয়ে জানা যায়, বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে এসব মাল্টিপারপাস সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেয়। উধাও হয়ে যাওয়া প্রতিষ্ঠান ছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখনো সক্রিয়। স্থানীয় লোকজন জানান, বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো আল-আকসা ইসলামিক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লি., উত্তরা ইনভেস্টমেন্ট লি., সান গ্রুপ ও ম্যাক্সিম গ্রুপ।ভুক্তভোগী ব্যক্তিরা জানান, ব্যাংকের চেয়ে বেশি মুনাফার আশায় এসব আর্থিক প্রতিষ্ঠানে আমানত জমা রেখে তাঁরা এখন নিঃস্ব।স্থানীয় লোকজন জানান, উত্তরা ইনভেস্টমেন্ট লি. নামের প্রতিষ্ঠানটি জানুয়ারির প্রথম দিকে উধাও হয়ে যায়। গ্রাহকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে।গ্রাহকেরা বলেন, গত ৩১ মার্চ দোহারের জয়পাড়া বাজারের মৃধা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত সান গ্রুপ ও ম্যাক্সিম গ্রুপ নামের দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উধাও হয়ে যান। এ দুটি প্রতিষ্ঠানের হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ প্রায় আট কোটি টাকা।গ্রাহকেরা বলেন, দোহার-নবাবগঞ্জ এলাকা থেকে আল-আকসা ইসলামিক কো-অপারেটিভ সোসাইটি লি. ও আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লি. উধাও হয়ে গেছে। তাঁদের অভিযোগ, গ্রাহকদের জমা দেওয়া প্রায় ৭০ কোটি টাকা নিয়ে গেছে প্রতিষ্ঠান দুটি। স্থানীয় ব্যক্তিরা জানান, জানুয়ারির ১৫ তারিখে আল-আকসার কার্যালয়গুলোতে তালা দিয়ে চলে যান কর্মকর্তারা। পরের দিন প্রশাসন প্রতিষ্ঠানটির দুটি ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয়কেন্দ্র সিলগালা করে দেয়। আল-আকসার আমানতকারী জোসনা আক্তার বলেন, তিনি প্রতিষ্ঠানটিতে ২৫ লাখ টাকা জমা দেন। টাকা উদ্ধারে প্রশাসনের কাছে ধরনা দিলেও কোনো আশ্বাস মিলছে না। সরেজমিনে দেখা যায়, নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারের আরিফ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) কার্যালয় তালাবদ্ধ। এতে হতাশ হয়ে পড়েছেন গ্রাহকেরা। আমানতকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি আট-নয় বছর ধরে অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে নবাবগঞ্জ ও দোহারের আমানতকারীদের কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ২৩ ফেব্রুয়ারির পর আইসিএলের কার্যালয়ে কোনো কার্যক্রম হয়নি। মোনায়েম মিয়া নামের এক ব্যক্তি বলেন, তিনি প্রতিষ্ঠানটিতে এক লাখ ৩০ হাজার টাকা জমা রেখেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক আইসিএলের একজন কর্মী জানান, তাঁর বাড়ি নবাবগঞ্জে। প্রতিষ্ঠানটিতে তাঁর ও তাঁর পরিবারের প্রায় ২০ লাখ টাকা রয়েছে। কর্মকতারা আশ্বাস দিলেও তিনি টাকা তুলতে পারছেন না। এ কারণে তিনি এলাকায়ও যেতে পারছেন না।নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রতারক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। দোহারের ইউএনও মোহমঞ্চদ আল আমিন বলেন, যেসব কার্যালয়ের কর্মকর্তারা পালিয়েছেন, সেগুলো সিলগালা করা হয়েছে। এ ছাড়া সক্রিয় মাল্টিপারপাসগুলোকে আমানত সংগ্রহ বন্ধ ও গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।