সমবায় ভবনটি 'ঝুঁকিমুক্ত' দাবি ব্যবসায়ীদের
সিলেটে ভূমিকম্পের ঝুঁকির তালিকায় থাকা জিন্দাবাজারের সমবায় ভবনটি ‘ঝুঁকিমুক্ত’ বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার এ–সংক্রান্ত একটি স্মারকলিপি সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর কাছে জমা দিয়েছেন ভবনের ৪৪ জন ব্যবসায়ী। তাঁরা প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের দিয়ে ভবনটি পুনরায় পরীক্ষার আহ্বান জানিয়েছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, চলতি বছরের শুরুতে এক দফা ভূমিকম্পের পর শহরের ৩২টি ভবন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে একটি তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। তালিকার শীর্ষে থাকা তাঁতীপাড়ার তিনতলা একটি বাড়ি ২১ এপ্রিল ভেঙে ফেলে সিটি করপোরেশন। ওই দিনই তালিকায় থাকা সিটি সুপার মার্কেটও ভাঙার ঘোষণা দেওয়া হয়। ৮ মে শাহি ঈদগাহ এলাকার তিনতলা একটি বাড়ি সিটি করপোরেশনের নোটিশ পেয়ে নিজ থেকে ভাঙা শুরু করেছেন বাড়িটির মালিক। তিনতলা সিটি সুপার মার্কেটের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙা হবে ১০ মে। আর সমবায় ভবনটি শহরের কেন্দ্রস্থলে হওয়ায় পরবর্তী সময়ে এটি ভাঙতে নোটিশ দিয়েছে সিটি করপোরেশন। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা গতকাল স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, সমবায় ভবনটি মূলত চারটি আলাদা ভবনের সমন্বয়ে নির্মিত। সব কটি ভবনের নির্মাণ ও কারিগরি পরীক্ষা করা হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ বিষয়টি প্রতীয়মান হয়নি।