সমবায় সমিতি আইনের খসড়ায় অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১১-এর খসড়ায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে।গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১১-এর খসড়া নীতিগত অনুমোদন প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, ২০০১ সালে সমবায় সমিতি আইনটি করার পর ২০০২ সালে তা সংশোধন করা হয়। বিদ্যমান আইনে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয় বলে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।সংশোধিত আইনে সমবায় সমিতির নিবন্ধন, নিবন্ধন বাতিলের ব্যবস্থা এবং সমবায় সমিতির সদস্যরা যেন প্রতারিত না হন, সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।প্রধানমন্ত্রী চলতি বছরের ১৬ থেকে ১৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করেন। প্রধানমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুটি চুক্তি ও দুই দেশের শীর্ষ বণিক সমিতির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ‘চতুর্থ বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি শীর্ষ সম্মেলন, ২০১১’-এর অন্যতম বক্তা হিসেবে শেখ হাসিনা সেখানে বক্তব্য দেন।এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সাক্ষাৎ হয়। তিন দিনের সফরে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, সংযুক্ত আরব আমিরাতের পরিবার উন্নয়ন সংস্থার সভানেত্রী শেখা ফাতিমা, পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, উচ্চশিক্ষামন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান, শ্রমমন্ত্রী ঘোবাস সাইদ ঘাবাস, বৈদেশিক বাণিজ্যমন্ত্রী শেখ লুবনা বিনতে আল কাসিমির সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।