সমবায় সমিতি ব্যাংকিং কাজ করতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সমবায় সমিতি যাতে কোনো ধরনের ব্যাংকিং কাজ করতে না পারে, সে জন্য সমবায় সমিতি আইন সংশোধনের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। জাতীয় সংসদে গতকাল সোমবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।ওই প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, ডেসটিনি ২০০০ লিমিটেড সমবায় অধিদপ্তর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান নয়। তবে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ২০০৫ সালে সমবায় অধিদপ্তরে নিবন্ধিত একটি আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সমবায় আইন ভঙ্গ করে অবৈধভাবে ব্যাংকি ব্যবসাসহ অন্যান্য অনিয়মের অভিযোগ উঠেছে। এ জন্য সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। এ কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আইন অনুযায়ী কোনো সমবায় প্রতিষ্ঠান ব্যাংকিং কাজ করতে পারবে না। কোনো সমবায় সমিতির বিরুদ্ধে ব্যাংকিং কাজ পরিচালনার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।৭২ হাজার ভবন ধ্বংস হবে: ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, রাজধানী ঢাকার জরাজীর্ণ ভবনগুলোতে কয়েক লাখ মানুষ বিপজ্জনকভাবে বসবাস করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, ৭ মাত্রার ওপর ভূমিকম্প হলে ঢাকা শহরে ৭২ হাজার ভবন ও ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো ঝুঁকিমুক্ত করতে রাজউককে চিঠি দেওয়া হয়েছে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের শতভাগ কাজ শেষ হবে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার চীনের অর্থায়নে পদ্মা নদী থেকে পানি এনে দৈনিক ৪৫ কোটি লিটার পানি সরবরাহের জন্য একটি প্রকল্প নিয়েছে। প্রকল্পটি কেরানীগঞ্জ এলাকায় নির্মিত হওয়ার সম্ভাবনা আছে।সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী জানান, ২০০৯ সালে নিবন্ধিত বৈদেশিক বিনিয়োগ ছিল ৬২৪ মিলিয়ন মার্কিন ডলার, এর বিপরীতে প্রকৃত বিনিয়োগ ৭০০ মিলিয়ন ডলার। ২০১০ সালে নিবন্ধিত বিনিয়োগ ছিল তিন হাজার ৮৮ মিলিয়ন ডলার, এর বিপরীতে প্রকৃত বিনিয়োগ ৯১৩ মিলিয়ন ডলার।