সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগ
নওগাঁয় ‘সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সদস্যদের কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজন আদালতে মামলা করেছেন।
উপজেলা সমবায় কার্যালয় ও গ্রাহক সূত্রে জানা গেছে, সমিতিটি ২০১৩ সালে সমবায় অধিদপ্তরের নিবন্ধন পায়। সমিতির সভাপতি সদর উপজেলার ইকড়কুড়ি গ্রামের মোহাম্মদ আলী সরদার। আর তাঁর ছেলে স্বপন হোসেন এই সমিতির সাধারণ সম্পাদক। সমিতি ওই বছর থেকেই লোভনীয় লভ্যাংশের আশ্বাস দিয়ে ইকড়কুড়ি, ভবানীপুর ও বোয়ালিয়া গ্রামের মানুষের কাছ জামানত সংগ্রহ করে। গ্রাহকের সংখ্যা ৪৩ জন। তাঁদের জামানতের মোট পরিমাণ ৩২ লাখ ২৫ হাজার টাকা। কিন্তু সাত-আট মাস ধরে সমিতিটির কার্যক্রম বন্ধ রয়েছে। তাই গ্রাহকেরা লভ্যাংশসহ জামানতের টাকা চাইতে গেলে তাঁদের কোনো টাকা পরিশোধ করা হবে না বলে জানিয়ে দেন স্বপন ও তাঁর বাবা মোহাম্মদ আলী। জামানতের টাকা তুলতে না পেরে ইকড়কুড়ি গ্রামের রেজাউল ইসলাম নামের এক গ্রাহক নওগাঁ এবং জান্নাতুল ফেরদৌস নামের আরেক গ্রাহক বগুড়া আদালতে মামলা করেন।
সরেজমিনে গতকাল মঙ্গলবার ইকড়কুড়ি গ্রামে সমিতির কার্যালয়ে দেখা যায়, তিন কক্ষের টিনের ঘরে ‘সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামে সাইনবোর্ড টাঙানো। কিন্তু কোনো লোকজন নেই।
গ্রাহক রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতি লাখে মাসিক তিন হাজার টাকা মুনাফার আশ্বাস দিয়েছিলেন স্বপন। তাঁর আশ্বাস পেয়ে আমি ওই সমিতিতে দুটি হিসাব খুলি। এর মধ্যে একটি হিসাবে ৭৮ হাজার ও অন্যটিতে ৩ লাখ ৯ হাজার টাকা জামানত রাখি। গত বছরের অক্টোবরে লভ্যাংশসহ জমা দেওয়া টাকা চাইতে গেলে দেব-দিচ্ছি বলে টালবাহানা করতে থাকেন বাবা–ছেলে। একপর্যায়ে স্বপন আমাকে কোনো টাকা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। আমি এলাকার মাতবরদের শরণাপন্ন হই। তাঁদের কাছে আমার টাকা পরিশোধের জন্য তিন মাসের সময় চান স্বপন। সেই সময় পার হয়ে গেলেও আমার পাওনা টাকা না পেয়ে গত ১৫ ডিসেম্বর মামলা করেছি।’
জানতে চাইলে নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে অভিযোগটির তদন্ত চলছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমি এই সমিতির শুরু থেকেই মাঠকর্মী হিসেবে কাজ করতাম। অধিক লাভের আশ্বাসে লোকজনের কাছ থেকে আমানত গ্রহণ করেছি এবং আমি নিজেও ওই সমিতিতে একটি আমানত হিসাব খুলি। আমার ৮ লাখ টাকা পাওনা। টাকা চাইলে গত বছরের ৫ নভেম্বর স্বপন আমাকে ৮ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু চেকটি ব্যাংকে নগদায়নের জন্য জমা দিলে অবমূল্যায়িত (ডিসঅনার) হয়।’
গতকাল বিকেলে মুঠোফোনে স্বপন বলেন, ‘সমিতিতে লোকসান হয়েছে। এ জন্য গ্রাহকদের পাওনা টাকা পরিশোধে কিছুদিন সময় চেয়েছি। প্রয়োজনে জমি বিক্রি করে তাঁদের টাকা পরিশোধ করব।’ এদিকে স্বপনের বাবা মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সদর উপজেলার ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘নিবন্ধন পাওয়ার প্রথম দু-এক বছর সমিতিটির কার্যক্রম ভালোই চলছিল। কিন্তু সাত-আট মাস ধরে সমিতিটির কার্যক্রম সন্তোষজনক নয়। অডিটে গিয়ে সমিতিটির কোনো কর্মকর্তা-কর্মচারীকে খুঁজে পাওয়া যায়নি। আদালতে মামলা হওয়ায় বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।’