সমবায়ীদের ৩৫ খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুগ্ধ উৎপাদনকারী ৩৫টি খামার বন্ধ হয়ে গেছে। গো-খাদ্যের সংকট, খাদ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন সমস্যা ও দুধের মূল্য কমসহ বিভিন্ন কারণে গত দুই বছরে এ খামারগুলো বন্ধ হয়ে যায়। বর্তমানে পাঁচ-ছয়টি খামার লোকসানের মুখে থাকায় সেগুলোরও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।জানা গেছে, রায়পুর উপজেলার মিতালী বাজার এলাকায় ১৯৯৮ সালে মিল্ক ভিটার কার্যক্রম চালু হয়। এরপর ২০০২ সালে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কারখানার কার্যক্রম শুরু হয়। সমবায়ীদের কাছ থেকে দুধ কিনে এ কারখানায় শীতলীকরণ করে মিল্ক ভিটার ঢাকার মিরপুরে প্রধান কারখানায় পাঠানো হয়।উপজেলার পূর্ব গাইয়ারচর দুগ্ধ উৎপাদনকারী সমিতির সভাপতি হারিছ মিয়া জানান, আট বছর আগে শুরুতে তাঁর সমিতির সংখ্যা ছিল ৭৩টি। আর এখন সমিতির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪টি। তা ছাড়া সমিতির সদস্যরা তাঁদের ৩৫টি দুগ্ধ উৎপাদনকারী খামার বন্ধ করে দিয়েছে। মিল্ক ভিটার রায়পুর কারখানা সূত্র জানায়, কারখানাটি চালু হওয়ার শুরুতে গাভি পালনকারী স্থানীয় কৃষকদের নিয়ে ৬২টি দুগ্ধ উৎপাদনকারী সমিতি গঠন করা হয়। তখন প্রতিটি সমিতিতে সদস্যের সংখ্যা ১৫ থেকে ২৫ জন ছিল। প্রত্যেক সদস্যদের ১০০ থেকে ৩০টি পর্যন্ত উন্নত জাতের গাভি নিয়ে দুগ্ধ খামার করে। এসব সমিতির মাধ্যমে মিল্ক ভিটা দুধ কিনে থাকে। দুধের ফ্যাটের মান অনুযায়ী স্থানীয় সমিতিগুলো প্রতি লিটার দুধের দাম গড়ে ৩২ টাকা পেয়ে থাকে। ফ্যাটের মান নিম্ন হলে না কিনে তা ফিরিয়ে দেওয়া হয়। বর্তমান চালু থাকা ১৪টি সমিতি কারখানায় দুধ সরবরাহ করে আসছে। চালু থাকা সমিতিগুলোর সদস্যসংখ্যাও কমে গেছে। কারখানায় দুধ কেনার পরিমাণও কমে গেছে। মিল্ক ভিটার রায়পুর কারখানার ম্যানেজার আকতার হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। খামারগুলো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। তবে সংকট-সমস্যার বিষয়গুলো এখনো খামারি বা সমবায়ীরা আমাকে জানাননি।’