সমবায়ের নামে ব্যাংকিং বন্ধে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বন্ধ এবং শাখা অফিস খোলার বিধান বাদ দিয়ে ২০০১ সালের সমবায় সমিতি আইন সংশোধনের জন্য ‘সমবায় সমিতি (সংশোধন) বিল-২০১২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো সমবায় সমিতির নামের সঙ্গে ‘ব্যাংক’ শব্দ ব্যবহার করা যাবে না। এর ১৯ দফায় বলা হয়েছে, বাংলাদেশ সমবায় ব্যাংক ছাড়া কোনো সমবায় সমিতি তার সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ দিতে পারবে না।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের রূপকল্প ২০২১-কে সামনে রেখে সমবায় প্রতিষ্ঠানগুলো যাতে দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগী ভূমিকা পালন করতে পারে, সে জন্য বিলটি আনা হয়েছে।আপিলের সময় ৩০ দিন করার বিধান রেখে বিল: মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৬০ দিনের পরিবর্তে ৩০ দিন করার বিধান রেখে গতকাল সংসদে বিল উত্থাপিত হয়েছে। ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২’ নামের এই বিল উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ট্রাইব্যুনালের চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে এই বিল আনা হয়েছে।প্রস্তাবিত এই আইনে রায় ঘোষণার দিনই রায়ের প্রত্যায়িত (সার্টিফায়েড) অনুলিপি উভয় পক্ষকে দেওয়ার বিধান রাখা হয়েছে। কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষকে আপিল করতে হবে।নবায়নযোগ্য জ্বালানি বিল: প্রচলিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১২’ উত্থাপন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। পরে এটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনে একজন চেয়ারম্যান ও অনধিক ১৬ সদস্যের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিধান রাখা হয়েছে। সদস্যদের মধ্যে পাঁচজন সার্বক্ষণিক এবং বাকিদের অবৈতনিক সদস্য করার প্রস্তাব করা হয়েছে। চেয়ারম্যান ও সার্বক্ষণিক সদস্যদের সরকার নিয়োগ দেবে। অবৈতনিক সদস্যদের মধ্যে ছয়জন মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধি এবং পাঁচজন শিক্ষাবিদ, পেশাজীবী, কারিগরি বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি বা বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে সরকার কর্তৃক মনোনীত হবেন।বিল পাস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খরচ চালাতে ক্রমান্বয়ে নিজস্ব আয় বাড়ানোর শর্ত বাতিল করে সংসদে পৃথক তিনটি বিল পাস হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস থেকে আয় করতে হবে বলে এসব বিলে উল্লেখ করা রয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিল তিনটি পাসের প্রস্তাব করলে এগুলো কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকচ হয়।