সমবায়ের ভিত্তিতে খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতের উন্নয়নে সমবায়ের ভিত্তিতে খাদ্য উৎপাদন বাড়ানো এবং এর প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্বকালে এই নির্দেশ দেন। খবর বাসসের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সামাজিক বনায়নের মাধ্যমে আয় বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধনের ওপর জোর দেন। তিনি গ্রামীণ অর্থনীতি গতিশীল করতে কম সুদে ঋণ প্রদানসহ তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার, অর্থনীতিবিদ আবুল বারকাত ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।মুসলিম বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোর একসঙ্গে কাজ করার আহ্বান জানান। গতকাল ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের (আইএএস) মহাপরিচালক মনিফ আর জউবি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে মুসলিম উম্মাহর উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। মনিফ আর জউবি আগামী বছর মে মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য আইএএসের ১৯তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। সম্মেলনে ওআইসির সদস্যভুক্ত ৫৬ দেশ অংশ নেবে বলে মনিফ জানান। আমন্ত্রণ গ্রহণ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতা বাড়ানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।